টাকার বিপরীতে আরও কমেছে পাউন্ড
পাউন্ডের হঠাৎ দরপতন বা ‘ফ্লাশ ক্র্যাশে’র প্রভাব লক্ষ করা যাচ্ছে বাংলাদেশের বিনিময় হারেও। আজ রোববার টাকার বিপরীতে আরও কমেছে পাউন্ডের দর। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া বিনিময় হারের তথ্য অনুযায়ী ১ পাউন্ড পাওয়া যাচ্ছে ৯৪ টাকা ২০ পয়সায়। ইস্টার্ন ব্যাংকে এ দর এখন ৯৪ টাকা ৮২ পয়সা।
২০১০ সালের ৯ জুন ১ পাউন্ডের দর ছিল ১০০ টাকা ১২ পয়সা। এরপর গত সপ্তাহেই পাউন্ডের দর এত কমল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ১ পাউন্ড সাড়ে ৯৯ টাকার নিচে কেনা-বেচা হয়।
এদিকে এশিয়ার বাজারে গত শুক্রবার হঠাৎ করেই পাউন্ডের ‘ফ্ল্যাশ ক্র্যাশ’ বা বড় ধরনের দরপতন হয়। লেনদেনের একপর্যায়ে খুব অল্প সময়ের মধ্যেই মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ৬ শতাংশ পর্যন্ত কমে যায়। এতে প্রতি পাউন্ডের দর কমে ১ দশমিক ১৮ ডলারে নেমে আসে, যা গত ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক—ব্যাংক অব ইংল্যান্ড পাউন্ডের হঠাৎ এ দরপতনের কারণ তদন্ত করবে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, ‘পাউন্ডের এ দরপতন তৃতীয় দফা হিসেবে বলা যেতে পারে। জুনে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্তের (ব্রেক্সিট) পর এক দফা কমে পাউন্ডের দর। ১ পাউন্ড সমান ১ দশমিক ৩২ ডলারে নেমে আসে। এরপর সম্প্রতি ব্রেক্সিট কার্যকর করার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে—যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এমন ঘোষণা দিয়েছেন, যার প্রভাবে দ্বিতীয় দফায় কমে পাউন্ডের দর আর বিনিময়মূল্য নেমে আসে ১ দশমিক ২৭ ডলারে। শুক্রবার হঠাৎ করে আবার একটা বড় দরপতন লক্ষ করা গেল, যার তদন্ত করছে যুক্তরাজ্য। মূলত এই ফ্লাশ ক্র্যাশের প্রভাব লক্ষ করা যাচ্ছে আমাদের দেশে আজ।’ শুক্রবার যুক্তরাজ্যে সাপ্তাহিক শেষ কার্যক্রম ছিল।
পাউন্ডের এই ব্যাপক দরপতনে প্রবাসী আয়ের ওপর তেমন প্রভাব না পড়লেও রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, যেসব রপ্তানিকারক পাউন্ডে চুক্তি করেছিলেন, তাঁরা ব্যাপক লোকসানে পড়েছেন।