টাকার বিপরীতে ডলার কিছুটা দুর্বল হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে আন্তব্যাংক মুদ্রাবাজারে মার্কিন ডলার ও বাংলাদেশি টাকার সরাসরি লেনদেনে বাংলাদেশি টাকা সামান্য শক্তিশালী হয়েছে। ফলে টাকার বিপরীতে মার্কিন ডলারের দরপতন ঘটেছে।গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৪ টাকা ৭০ পয়সা থেকে ৭৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছিল। সপ্তাহ শেষে গত বৃহস্পতিবার ডলারপ্রতি দর কমে ৭৪ টাকা ৪০ পয়সা থেকে ৭৪ টাকা ৫৩ পয়সায় লেনদেন শেষ করেছে।বড় বড় বাণিজ্যিক ব্যাংককে সপ্তাহের শেষভাগে ডলার বিক্রি করতে তৎপর দেখা গেছে। ঈদের আগে প্রবাসী আয়-প্রবাহ বেড়ে বাংলাদেশি টাকার চাহিদায় ডলারের এ দরপতন ঘটে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন। গত সপ্তাহে আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির সুদের হার কিছুটা বেড়েছে। সপ্তাহের শুরুতে এই হার ৮ থেকে ১০ শতাংশ হলেও সপ্তাহের শেষে এসে বৃহস্পতিবার আন্তব্যাংক মুদ্রাবাজারে সাড়ে ১১ থেকে ১২ শতাংশে বেশির ভাগ লেনদেন শেষ হয়েছে। এ ছাড়া সপ্তাহের শেষভাগে বেশির ভাগ লেনদেন সর্বোচ্চ ১২ শতাংশে সংঘটিত হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের যথাক্রমে ৩০০ কোটি ও ২৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। ট্রেজারি বিলের এই নিলামে (১৪ আগস্ট, ২০১১) ওই মেয়াদগুলোর জন্য অন্তর্নিহিত সুদের হার যথাক্রমে ৭ দশমিক ৬৫ শতাংশে এবং ৭ দশমিক ৯০ শতাংশে নির্ধারিত হয়েছে। তবে ৩৬৪ দিন মেয়াদে অন্তর্নিহিত সুদের হার আগের চেয়ে ৩০ বেসিস পয়েন্ট বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহের ১৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ১৫০ কোটি টাকার বিড গৃহীত হয়েছে। ওই মেয়াদের অন্তর্নিহিত সুদের হার ৯ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৬৫ শতাংশে নির্ধারিত হয়েছে।[সূত্র: সিটিব্যাংক এনএ]