টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহেও বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বাড়া অব্যাহত ছিল। এই সপ্তাহে আন্তব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বেড়েছে প্রায় ২৯ পয়সা। এ নিয়ে নভেম্বর মাসে স্থানীয় টাকার বিপরীতে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ৬৮ পয়সা বেড়েছে।গত সপ্তাহের (২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর) শুরুতে প্রতি ডলার ৭৬ টাকা ৭২ পয়সায় কেনাবেচা হয়, যা শেষ কর্মদিবস বৃহস্পতিবারে ছিল ৭৭ টাকা ১ পয়সা। সপ্তাহজুড়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের চাহিদা দেখা গেছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহের শুরুতে ইতালিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা দেওয়ার আশ্বাসের খবরে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বেড়ে যায়। ইউরো অঞ্চলের সংকট মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আইএমএফকে ঋণ দেবে—এই খবরে দ্বিতীয় দিনও ইউরোর দর বাড়ে।বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরো জোন, কানাডা, ব্রিটেন, জাপান ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কম হারে ইউরো জোনের বিপদগ্রস্ত দেশগুলোকে ডলারে ঋণ দানে মতৈক্যে পৌঁছানোর খবরেও ইউরোর দর আরেক দফা বাড়ে। এ সময় প্রতি ইউরো ১ দশমিক ৩৫ ডলারে লেনদেন হয়।আগের সপ্তাহের লোকসান কাটিয়ে বিশ্ববাজারে গত সপ্তাহের শুরুতে তেলের দাম বেড়ে যায়। মার্কিন ভোক্তাদের আস্থা বৃদ্ধি এবং ইতালিয়ান বন্ড অকশন বা নিলামের চাহিদা বাড়ার কারণে তেলের দাম টানা দুই দিন বাড়ে। ইরানি প্রতিবাদকারীদের ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনায় তেলের দাম আরও বেড়ে যায়। কিন্তু বুধবার মার্কিন তেলের মজুদ ও লিবিয়ার তেল উৎপাদন বাড়ানোর খবরে অবশ্য দাম পড়ে যায়।পরপর দুই সপ্তাহের লোকসান কাটিয়ে বিশ্ববাজারে স্বর্ণের দামও এই সপ্তাহে বেড়েছে। প্রচুর চাহিদা ও মার্কিন ডলারের দুর্বলতার কারণে সপ্তাহের শুরুতেই স্বর্ণের দাম ২ শতাংশ বাড়ে। বিশ্বের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকগুলো ইউরোপিয়ান ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় এক মাসের মধ্যে স্বর্ণের দাম টানা তিন দিন বাড়ার রেকর্ড করে। সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৪৬ দশমিক ৮০ মার্কিন ডলার।এদিকে গত সপ্তাহে দেশে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরকে স্বল্প মেয়াদে দেওয়া কর্জ) সুদের হার অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের শুরুতে ৬ থেকে ৮ শতাংশ সুদে কলমানির লেনদেন শুরু হয়, যা সপ্তাহজুড়ে অপরিবর্তিত থাকে।আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ৯১ ও ৩৬৪ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের যথাক্রমে ৪৫০ ও ২৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়। এতে অন্তর্নিহিত সুদের হার ৮ দশমিক ৮৫ ও ৯ দশমিক ২৫ শতাংশে নির্ধারিত হয়। তবে গত সপ্তাহে কোনো ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়নি। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।