টাঙ্গাইল ও ঘাটাইলে ব্র্যাক ব্যাংকের দুটি শাখা উদ্বোধন
টাঙ্গাইল ও ঘাটাইলের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক দুটি নতুন শাখা খুলেছে।ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী সম্প্রতি ব্যাংকের টাঙ্গাইল শহরের মেইন রোডের টাঙ্গাইল টাওয়ারে একটি ও ঘাটাইলের কলেজ মোড়ে কাজীমউদ্দিন সুপার মার্কেটে আরেকটি এসএমই/কৃষি শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই দুটি নতুন শাখার উদ্বোধনের ফলে এসএমই/কৃষি শাখা ও এসএমই সার্ভিস সেন্টারসহ ব্র্যাক ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়াল ১৫১টি।শাখা উদ্বোধনের পাশাপাশি নিকটবর্তী সল্লা সমবায় উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যও কম্পিউটার প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, ‘মানুষ, ধরিত্রী ও মুনাফা’ এই তিনটি প্রধান দর্শনের আলোকে ব্র্যাক ব্যাংক ব্যবসার পাশাপাশি মানুষ ও পরিবেশ নিয়ে কাজ করে।’সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ জনপদের তৃণমূল পর্যায়ের জনসাধারণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি।’ বিজ্ঞপ্তি।