টাঙ্গাইল জেলা বাজেটের লক্ষ্য অর্জন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল সিপিডি আয়োজিত প্রাক্–বাজেট সংলাপে বক্তারা l প্রথম আলো
টাঙ্গাইলে গতকাল সিপিডি আয়োজিত প্রাক্–বাজেট সংলাপে বক্তারা l প্রথম আলো

টাঙ্গাইলসহ দেশের সাতটি জেলার জন্য চলতি অর্থবছর যে লক্ষ্য নিয়ে জেলা বাজেট ঘোষণা করা হয়েছিল, সেটি আদৌ অর্জিত হবে কি না, তা অনিশ্চিত বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
কারণ হিসেবে সংস্থাটি বলছে, প্রকাশিত জেলা বাজেটকে সম্পূর্ণভাবে বাজেট বলা যায় না। এতে রাজস্ব সম্পর্কে যেমন কোনো ধারণা দেওয়া হয়নি, তেমনি স্থানীয় জনগণ ও জেলা প্রশাসনেরও এতে কোনো অংশগ্রহণ নেই। এ অবস্থায় জেলা বাজেটের লক্ষ্য অর্জন করতে হলে বাজেট প্রণয়নব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। জেলা বাজেটে সংশ্লিষ্ট জেলার চাহিদার প্রতিফলন থাকতে হবে মনে করে সিপিডি।
‘প্রাক্-বাজেট সংলাপ ২০১৫: টাঙ্গাইল জেলা বাজেট ও প্রাসঙ্গিক বিষয়’ শীর্ষক সংলাপে এমন মতই তুলে ধরেছে সিপিডি। গতকাল শনিবার টাঙ্গাইলের একটি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে সংস্থাটি।
অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী করা ছাড়া জেলা বাজেট কার্যকর হবে না। আমাদের স্থানীয় সরকার কাঠামো কয়টি স্তরে হবে, তা এখনো নির্ধারিত হয়নি। এর কাঠামোতে জেলা বাজেট বিষয়টিও পরিষ্কার নয়। জেলা বাজেটের সাংবিধানিক ভিত্তিও পরিষ্কার করা প্রয়োজন।’ তিনি বলেন, স্থানীয় সরকারকে স্থানীয় উৎস থেকে বাজেটের অর্থ জোগাতে হবে। সম্পদ আহরণের বিষয়টি যৌক্তিকভাবে দেখা উচিত। সাংসদদের স্থানীয় সরকার থেকে দূরে রাখা দরকার।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে স্থানীয় সরকার অর্থায়ন কমিশন গঠনের প্রস্তাব করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ কমিশন স্থানীয় চাহিদার ভিত্তিতে সরকারি ব্যয়ের যথাযথ বরাদ্দ নির্ধারণ করবে। ফলে এসব ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।
প্রবীণ শিক্ষাবিদ সেকান্দার হায়াতের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। তিনি বলেন, জেলা বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় সাংসদের উচিত তাঁর নিজস্ব এলাকার যুক্তিযুক্ত চাহিদাগুলো সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরা, যেন জনগণের জীবনমানের উন্নয়ন হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান মির্জা মোহাম্মদ আবদুল মোমেন বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যকে রপ্তানি পণ্যে পরিণত ও বাজারজাতকরণে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে।
সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম বলেন, জেলা বাজেট ধারণটি ভালো। নিচ থেকে মানুষের মতামত নিয়ে এ বাজেট তৈরি হলে মানুষের ইচ্ছার প্রতিফলন হবে। জেলা বাজেট প্রণয়নে জেলা প্রশাসন ও জেলা পরিষদের কাছে দায়িত্ব দেওয়া হলে মানুষের সম্পৃক্ততাও বাড়বে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার জনগণের চাহিদা কী, তা নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই সংলাপের আয়োজন করা হয়েছে। তৃণমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে ভালো বাজেট তৈরি করা সম্ভব।
সংলাপে ‘বাংলাদেশে জেলা বাজেট: টাঙ্গাইলের অভিজ্ঞতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। মূল প্রবন্ধে বলা হয়, ঘোষিত জেলা বাজেটে টাঙ্গাইলের মানুষের জন্য মাথাপিছু বরাদ্দের পরিমাণ ৬ হাজার ১৯৯ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৫ হাজার ২১৪ টাকা।
তৌফিকুল ইসলাম খান বলেন, টাঙ্গাইলে দারিদ্র্যের হার জাতীয় সীমার নিচে রয়েছে। তবে অতিদারিদ্র্যের ক্ষেত্রে এ হার জাতীয় পরিস্থিতির চেয়ে খারাপ। তিনি বলেন, টাঙ্গাইলের জেলা বাজেট বরাদ্দের বেশির ভাগ অংশই এসেছে সড়ক ও যোগাযোগ খাত উন্নয়নে। অন্যান্য খাত তুলনামূলকভাবে বঞ্চিত রয়ে গেছে।
সংলাপের সভাপতি সেকান্দার হায়াত বলেন, ‘আমাদের টাঙ্গাইলের উন্নয়ন ভাবনার সঙ্গে ঢাকা জড়িত। তাই টাঙ্গাইলকে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে নয়, ঢাকাতেই রাখতে হবে। এ দাবিতে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ।’
সংলাপের মুক্ত আলোচনায় অংশ নেন জেলার নানা শ্রেণি-পেশার অর্ধশতাধিক ব্যক্তি। তাঁদের আলোচনায় উঠে আসে জেলা বাজেট বিকেন্দ্রীকরণ এবং জেলা পরিষদ শক্তিশালীকরণ; স্থানীয় বাজারের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলো এবং রাজধানীর সঙ্গে সংযোগকারী রেল ও মহাসড়কের উন্নয়ন; আনারসের মতো স্থানীয় কৃষিজাত উৎপাদিত পণ্যগুলো সংরক্ষণে হিমাগার নির্মাণ; কৃষিজমির ক্ষতি না করে পরিকল্পিত শিল্পায়ন; নদীভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ; নারী-শিশুসহ সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত ইত্যাদি।