টাঙ্গাইলের ধনবাড়ীতে এমটিবির শাখা উদ্বোধন
টাঙ্গাইলের ধনবাড়ীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) একটি এসএমই/কৃষি শাখা খোলা হয়েছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গেস্ট অব অনার হিসেবে গত মঙ্গলবার এই শাখার উদ্বোধন করেন। শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আলী, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক আহসান উজ জামান, বাংলাদেশ ব্যাংকের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক মনিরুজ্জামান, মাশরুমচাষি মির্জা মোর্শেদা আখতার, ব্যবসায়ী লুৎফর রহমান খান চান মিয়া প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে ১০ জন হতদরিদ্র মুক্তিযোদ্ধা, ১৩ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী ও একজন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের ক্রেস্ট, মুঠোফোনসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। একই সময় নারী উদ্যোক্তাসহ ছয়জনকে ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়।আব্দুর রাজ্জাক বলেন, শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যেই নয়, বরং গ্রামীণ জনপদের মানুষের সেবা ও স্থানীয় অর্থনীতিকে চাঙা করার মানসিকতা নিয়েই ব্যাংক পরিচালনা করতে হবে। যাতে করে গ্রামের কৃষকেরা সহজ শর্তে ঋণ পান। তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু ৪০ বছরেও আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বরং যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাঁরাই আজ সবচেয়ে অবহেলিত, জীবনযুদ্ধে পরাজিত।’