টাটা আগামী বছর আরেকটি কম দামি গাড়ি ছাড়বে
ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস এবার ন্যানো প্লাস নামের আরেকটি গাড়ি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।আগামী বছরেই বাজারে পাওয়া যাবে নতুন এই ন্যানো প্লাস গাড়ি। তবে এর পাশাপাশি আগের ন্যানো মডেলও বাজারে থাকবে।জানা গেছে, মারুতির জনপ্রিয় মডেল ’অল্টো’র ধাঁচে তৈরি করা হচ্ছে এই গাড়িটি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এটির দামও কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ন্যানো প্লাস হবে আগের ন্যানোর চেয়ে আকারে খানিকটা বড় গাড়ি। ন্যানোতে যেখানে ৬২৩ সিসি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে, সেখানে ন্যানো প্লাসে থাকবে এক হাজার সিসির ইঞ্জিন।প্রাপ্ত খবর অনুযায়ী আরোহীদের সুরক্ষার জন্য ন্যানো প্লাসে এয়ারব্যাগ সিস্টেম রাখার কথা ভাবছে টাটা মোটরস কর্তৃপক্ষ। ন্যানোর তুলনায় ন্যানো প্লাসের অঙ্গসজ্জা নতুন আঙ্গিকে গড়া হবে। এর চাকচিক্যও হবে ন্যানোর চেয়ে আলাদা। ন্যানো প্লাসে থাকবে অ্যান্টি ব্রেকিং সিস্টেম, অ্যালয় হুইল ও সংযুক্ত মিউজিক সিস্টেমের ব্যবস্থা। ইতিপূর্বে টাটা মোটরস এক লাখ রুপি দামের ন্যানো গাড়ি দেশ-বিদেশে সাড়া ফেলে দেয়। কারণ এটি হচ্ছে বিশ্বের সবচয়ে কম দামের মোটর গাড়ি।ন্যানো গাড়িতে ব্যবসায়িকভাবে তেমন সাফল্য না পাওয়ায় টাটা মোটরস এবার ন্যানো প্লাসে সেই দিকটিতে জোর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।