টাটা জেনেক্স ন্যানো এখন দেশের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল টাটা জেনেক্স ন্যানো গাড়ির বিপণন কার্যক্রমের উদ্বোধন করতে এসে একটি গাড়িতে চড়ে বসেন। এ সময় তাঁর পাশে বসেন নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ। বাঁয়ে দাঁড়িয়ে গ্রুপটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ l প্রথম আলো
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল টাটা জেনেক্স ন্যানো গাড়ির বিপণন কার্যক্রমের উদ্বোধন করতে এসে একটি গাড়িতে চড়ে বসেন। এ সময় তাঁর পাশে বসেন নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ। বাঁয়ে দাঁড়িয়ে গ্রুপটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ l প্রথম আলো

দেশের বাজারে ভারতের টাটা জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি নিয়ে এল নিটল মোটরস।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে গাড়িটির বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি টাটা মোটরসকে বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিল্পমন্ত্রী নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদকে জেনেক্স ন্যানো গাড়িটি বর্তমান দামের চেয়ে এক লাখ কমে বিক্রির পরামর্শ দেন।
শিল্পমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পরে আবদুল মাতলুব আহমাদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই গাড়ি এক লাখ টাকা কম দামে বিক্রির ঘোষণা দেন। তিনি বলেন, জেনেক্স ন্যানো একটি চমৎকার গাড়ি, যা বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে টাটা মোটরসের ইন্টারন্যাশনাল বিজনেস প্যাসেঞ্জার ভেহিকেলসের প্রধান জনি ওম্যান জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ির নানা দিক তুলে ধরে বলেন, এটি অল্প জায়গার মধ্যে পার্ক করা যায়। ১ লিটার তেলে গাড়িটি প্রায় ২২ কিলোমিটার চলে। এতে ৯৪ কেজি লাগেজ রাখার সুবিধা পাওয়া যাবে। অন্যান্য গাড়ির চেয়ে এতে শোল্ডার রুম ৪ শতাংশ ও লেগ রুম ৬ শতাংশ বড়।
অনুষ্ঠানে জানানো হয়, টাটা জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়িটি দেশব্যাপী নিটল মোটরসের সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। এর দাম পড়বে ৮ লাখ ৯৫ হাজার টাকা। তবে ৩১ জানুয়ারির মধ্যে কিনলে ১ লাখ টাকা ছাড় পাওয়া যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ প্রমুখ।