টাটা ভারতের সবচেয়ে ধনী শিল্পগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রতন টাটার উত্তরসূরি কে হবেন—এ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে, ঠিক তখনই জানা গেল মোট সম্পদের দিক দিয়ে এ মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে টাটা গ্রুপ। আজ সোমবার ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক সংবাদে জানা গেছে, বর্তমান বাজার দরে টাটা শিল্পগোষ্ঠীর মোট সম্পদ দাঁড়িয়েছে ৩,৭১,০০০ কোটি রুপি। যা এত দিন ধরে ভারতের সবচেয়ে সম্পদশালী শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত রিলায়েন্সের মোট সম্পদের চেয়ে অনেক বেশি। অঙ্কের হিসাবে রিলায়েন্সের চেয়ে টাটার সম্পদের পরিমাণ ৫০ হাজার কোটি রুপি বেশি।টাটার পরেই রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স। তাঁদের মোট সম্পদের পরিমাণ ৩,২১,৭৫০ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছে অনিল আগারওয়ালের স্টারলাইট গ্রুপ (১,৩৫,৩০০ কোটি), চতুর্থ স্থানে মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির অনিল আম্বানি গ্রুপ (১,২৫,০০০) এবং পঞ্চম স্থানে রয়েছে সুনীল মিত্তালের ভারতী গ্রুপ(১,২০,৫০০)।তবে বিবদমান দুই ভাই মুকেশ ও অনিল আম্বানির দুই শিল্পগোষ্ঠীর সম্পদ এক করলে তা অবশ্য টাটা গ্রুপের চেয়ে বেশিই হচ্ছে। রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরু ভাই আম্বানির দুই ছেলে মুকেশ ও অনিল দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এ জন্য রিলায়েন্স গ্রুপ দুই ভাগে ভাগ হয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও অনিল আম্বানি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। তবে সম্প্রতি দুই ভাইয়ের মধ্যে কয়েকটি ব্যাপারে ঐকমত্য হওয়ায় তাঁদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে বলে জানা গেছে।