টাটা শিল্পগোষ্ঠীর আরেক কর্মকর্তাকে সরতে হলো

এবার ভারতের টাটা শিল্পগোষ্ঠীর মানবসম্পদ-প্রধান এন এস রাজনকে সরে যেতে হলো। তিনি গত শুক্রবার পদত্যাগপত্র জমা দেন।
দেশটির শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণের কয়েক দিনের মধ্যেই রাজনকেও সরতে হলো।
সাইরাস মিস্ত্রি যাঁদের টাটার গ্রুপ এক্সিকিউটিভ কাউন্সিল বা নির্বাহী পর্ষদে (জিইসি) এনেছিলেন, তাঁদের একজন এন এস রাজন। ২৪ অক্টোবর টাটা গোষ্ঠীর পরিচালনা পর্ষদের এক বৈঠকে মিস্ত্রিকে অপসারণের পাশাপাশি নির্বাহী পর্ষদও ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে কোম্পানির ওয়েবসাইট থেকে নির্বাহী পর্ষদ ও এর সদস্যদের ব্যক্তিগত তথ্যাবলি তুলে নেওয়া হয়।
সাইরাস মিস্ত্রি টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে নির্বাহী পর্ষদ গঠনের মাস খানেক পরে ২০১৩ সালের মে মাসে এন এস রাজনকে নিয়ে আসেন।
টাটা গোষ্ঠীর পরিচালনা পর্ষদ সাইরাস মিস্ত্রিকে অপসারণ করে সাবেক চেয়ারম্যান রতন টাটাকে দায়িত্ব দেয়। মিস্ত্রিকে অপসারণের পরে নির্বাহী পর্ষদের সদস্য রাজন ও হরিষ ভাটের ওপরও কোপ পড়ার আশঙ্কা করা হচ্ছিল।
এদিকে ভারতের শেয়ারবাজারে তিন দিন পর শুক্রবার টাটা শিল্পগোষ্ঠীর অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সাইরাস মিস্ত্রির অপসারণের পরে টানা তিন দিন এ গোষ্ঠীর শেয়ারের দাম পড়ে যায়।
তবে এখনো টাটার কোম্পানিগুলোর মোট বাজার মূলধনের পরিমাণ মিস্ত্রি অপসারিত হওয়ার দিনের চেয়ে ২২ হাজার কোটি রুপি কম।
শুক্রবার টাটা শিল্পগোষ্ঠীর কোম্পানিগুলোর শেয়ারদর যেভাবে বৃদ্ধি পায়—অটো করপোরেশন অব ইন্ডিয়া ৭ দশমিক ৮, টাটা মেটালিকস ৫ দশমিক ৮, টাটা এলক্সি ৪ দশমিক ২, টাটা মোটরস ২ দশমিক ৭, টাটা স্টিল ১ দশমিক ৮৫ ও ভলতাস ১ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে কোম্পানিগুলোর মধ্যে টাটা পাওয়ারের ১ দশমিক ৪ শতাংশ, টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের (টিসিএস) শূন্য দশমিক ৬ শতাংশ ও র্যালিজ ইন্ডিয়ার শূন্য দশমিক ৩ শতাংশ করে শেয়ারদর পড়েছে।
ইকুইনোমিকস রিসার্চের প্রতিষ্ঠাতা জি চোক্কালিনগাম এ প্রসঙ্গে বলেন, ‘টাটা গোষ্ঠীর মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দাম মৌলভিত্তির দুর্বলতায় নয়, বরং বিনিয়োগকারীদের ভাবাবেগ বা দৃষ্টিভঙ্গির কারণেই পড়েছিল। টাটা গোষ্ঠীর বর্তমান সমস্যাটি পরিচালন-সংক্রান্ত ইস্যুগুলোর চেয়ে অহংবোধের কারণেই বড় হয়ে উঠেছে।’ বিজনেস লাইন ও বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে।