টানা ঊর্ধ্বগতির পর কমল সূচক, লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন পর দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার মূল্য সংশোধন হয়েছে। ফলে এদিন দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক এদিন প্রায় ১৫ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫৭ পয়েন্ট কমেছে।
এদিকে বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর স্পিনিং মিলসের আজ মঙ্গলবার শেয়ারবাজারে তালিকাভুক্তি ও লেনদেন শুরু হতে যাচ্ছে। ডিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বস্ত্র খাতের এই কোম্পানি গত বছরের নভেম্বরে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহ করে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন অনুযায়ী, আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ার বিক্রি করা হয়।
কোম্পানিটি আইপিওতে দুই কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ২৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। গত জুনে কোম্পানিটির আরও একটি আর্থিক বছর শেষ হয়েছে। বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট আজ মঙ্গলবার থেকে ‘এ’ শ্রেণীভুক্ত হতে যাচ্ছে। নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি এত দিন ‘এন’ শ্রেণীভুক্ত ছিল। সম্প্রতি কোম্পানিটি বিনিয়োগকারীদের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিতরণের পর নিয়ম অনুযায়ী এটির শ্রেণীমান উন্নত করা হচ্ছে।
বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে সোমবার ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টিরই দাম কমেছে, বেড়েছে ১২৪টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির দাম। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৫০ পয়েন্ট। লেনদেন আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬১১ কোটি টাকায়।
চট্টগ্রামের বাজারে ২২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২০টিরই দাম কমেছে, বেড়েছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিনশেষে সূচক কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১ পয়েন্টে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৫৮ কোটি টাকায়।
মতামত: জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে টানা ঊর্ধ্বগতির পর গতকাল একটু নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এটি স্বাভাবিক একটি আচরণ। বেশ কিছুদিন ধরে বাজারে গড়ে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। এটি খুবই ইতিবাচক। তবে বাজারের জন্য বা বিনিয়োগকারীদের জন্য সতর্কতার যে বিষয়টি
রয়েছে সেটি হলো, কিছু দুর্বল কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এ বিষয়ে বাজারনিয়ন্ত্রক ও বিনিয়োগকারী উভয়েরই সতর্ক থাকা উচিত।