টানা খরা ও সেচের অভাবে চা উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা
টানা খরায় পুড়ছে মৌলভীবাজার জেলার চা-বাগানগুলো। প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়ায় প্রয়োজনীয় সেচের ব্যবস্থাও করা যাচ্ছে না অধিকাংশ চা-বাগানে। এতে চা-বাগানে মাটির আর্দ্রতা কমে গেছে। যে কারণে নতুন করে লাগানো চারা যেমন মরছে, তেমনি ঝলসে যাচ্ছে পরিণত গাছের পাতাও।এ অবস্থায় বিভিন্ন চা-বাগানে নারীশ্রমিকেরা দূরের কোনো ছড়া (খাল) থেকে হাঁড়ি বা কলসিতে করে পানি এনে চা-গাছ বাঁচানোর চেষ্টা করছেন। এর ওপর বাগানে বাগানে রোগবালাইয়ের ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে এবার দেশের অন্যতম চা-শিল্পাঞ্চল মৌলভীবাজারে চায়ের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চা-বাগানে সাধারণত মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ৩৫ রাউন্ড চা-পাতা চয়ন (গাছ থেকে পাতা সংগ্রহ) করা হয়। কিন্তু চলতি বছর এখন পর্যন্ত কোনো বাগানে চা-পাতা চয়ন করা যায়নি। কারণ বৃষ্টি না হওয়ায় চা-গাছে কুঁড়ি গজায়নি।মৌলভীবাজার থেকে আকমল হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকার বহু চা-বাগানে দিন দিন লাল মাকড়সার আক্রমণ, চা-গাছে ফাঙাসের ক্ষত সৃষ্টি হওয়াসহ অন্যান্য রোগবালাই বাড়ছে। এ ছাড়া অব্যাহত বিদ্যুিবভ্রাট ও ডাকাতির ঘটনা তো আছেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চা-শিল্পাঞ্চলে বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমে গত আট-নয় বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশি চা সংসদের (বিটিবি) জুড়ী ভ্যালির সাবেক সভাপতি মো. শাহজাহান আখন্দ প্রথম আলোকে বলেন, চায়ের উন্নয়নে বিদ্যুৎ, সেচব্যবস্থা, যোগাযোগ ও আইনশৃঙ্খলার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে বিশ্বজ্যোতি চৌধুরী গত শনিবার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া, রাজঘাট, কালীঘাট, ডিনস্টন, সাতগাঁও, ভাড়াউড়াসহ বেশ কিছু চা-বাগান ঘুরে জানান, পানির প্রাকৃতিক উৎস পাহাড়ি ছড়া (খাল) ও কৃত্রিম হ্রদগুলো শুকিয়ে যাওয়ায় এখন আর সেচও দেওয়া যাচ্ছে না।চা-বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালিতে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। ফলে ওই ভ্যালির ৪৮টি চা-বাগানের প্রায় ১৪ হাজার ৩৪৮ হেক্টর জমির দুই থেকে পাঁচ বছর বয়সী অপরিণত চা-গাছের পাতা শুকিয়ে কুঁকড়ে গেছে। অপেক্ষাকৃত উঁচু টিলার অনেক গাছও মরে গেছে।সাতগাঁও চা-বাগানের সহকারী ব্যবস্থাপক হিমালয় সাহা প্রথম আলোকে বলেন, খরায় তাঁদের বাগানের প্রায় ১৫ শতাংশ অপরিণত চা-গাছ মরে গেছে। পরিণত চা-গাছগুলোও ঝলসে গেছে।