টানা চতুর্থ দিন দরপতন
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবারও বড় দরপতন ঘটেছে। এ নিয়ে টানা চার দিনের মতো দরপতনের ঘটনা ঘটল। আর টানা দরপতনে পুঁজি হারানো বিনিয়োগকারীদের মধ্যে ভর করেছে চরম হতাশা।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৭৬ পয়েন্টে নেমে এসেছে। শেয়ারবাজারের সাম্প্রতিক ভয়াবহ ধসের পর ঢাকার বাজারে এটিই সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। সর্বশেষ গত ২ মার্চ ডিএসইর সাধারণ সূচক নেমেছিল পাঁচ হাজার ২৯২ পয়েন্টে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৪০৬ পয়েন্ট কমে হয়েছে প্রায় ১৫ হাজার ৩২ পয়েন্ট। সূচকের পাশাপাশি দুই বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে লেনদেনের পরিমাণ।আগের দিনের বড় দরপতনের পর গতকাল উর্ধ্বমূখী প্রবণতা দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হলেও দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৫ পয়েন্ট কমে যায়।এদিকে পুঁজি হারানোর ধকল সামলাতে না পেরে লেনদেন চলাকালে নূরুজ্জামান (৫২) নামে এক বিনিয়োগকারী হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি রাজধানীর দিলকুশায় ফিনিক্স সিকিউরিটিজে লেনদেন করছিলেন। আগের দিনের মতো গতকালও দরপতন অব্যাহত থাকলে তিনি বিচলিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভবের কথা বললে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস সূত্রে জানা গেছে, দরপতনের কারণে নূরুজ্জামানের একটি হিসাবে ২৪ লাখ ২২ হাজার টাকা এসে ঠেকেছে ৯ লাখ টাকায়।বাজারসংশ্লিষ্টরা জানান, ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে, বিশেষ করে বাজেটে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মূলধনী মুনাফার ওপর করারোপ করা হতে পারে বলে খবর ছড়িয়ে পড়ায় তা বাজারকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছে।এনবিআরের বিজ্ঞাপন: তবে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে। তাতে বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার বিকাশ ও গতিশীল রাখতে রাজস্ব বোর্ড বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। রাজস্ব বোর্ড অতীতে ও বর্তমানে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বা করবে না, যাতে বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল ৩৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম। ১১ মের পর এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। সর্বশেষ ওই দিন ডিএসইতে ৩০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। ঢাকার বাজারে গতকাল ২৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২১০টিরই দাম কমেছে। বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম।সিএসইতে লেনদেন হওয়া ১৯১ কোম্পানির মধ্যে ১৮১টিরই দাম কমেছে। বেড়েছে কেবল ৫টির দাম আর অপরিবর্তিত ছিল ৫টির। দিনের শেষে চট্টগ্রামের বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।এমজেএল বাংলাদেশ: এদিকে এমজেএল বাংলাদেশের প্রস্তাব পর্যালোচনা করেই তালিকাভুক্তির ব্যাপারে মতামত দিতে চায় ডিএসই ও সিএসই।বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কার্যালয়ে এ-সংক্রান্ত এক বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে গতকাল এ মত দেওয়া হয়।শর্তসাপেক্ষে তালিকাভুক্তি পাওয়ার অংশ হিসেবে এমজেএল বাংলাদেশ প্রাথমিক শেয়ারধারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে। এ ছাড়া নগদ লভ্যাংশ দেওয়ার পরও লেনদেন শুরুর ছয় মাস পর্যন্ত শেয়ারের দাম বরাদ্দ মূল্যের চেয়ে নিচে নামলে সর্বোচ্চ ১০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এসইসিকে নিশ্চিত করে। তবে ডিএসই ও সিএসই বলেছে, প্রস্তাবটি তাদের কাছে যায়নি। তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পাওয়ার পর যাচাই-বাছাই করেই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখরউদ্দীন আলী আহমদ, এমজেএল চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।