টানা চতুর্থ দিনের মতো সূচকের পতন শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে সূচক পতন অব্যাহত রয়েছে। আজ বুধবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। এ নিয়ে টানা চার দিন সূচক কমল দুই বাজারে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৪১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে নয় পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা সোয়া ১১টার দিকে সূচক ২৫ পয়েন্ট কমেছিল। এভাবে একাধিকবার ওঠানামার পর দুপুর সাড়ে ১২টার পর থেকে আবার সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৪টিরই দাম কমেছে; বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৪ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১০৯ টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, আরগন ডেসিমস, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সানলাইফ ইনস্যুরেন্স, এনভয় টেক্সটাইল, কেপিসিএল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩৬ পয়েন্টে। আজ সিএসইতে মোট ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।