টানা চার দিন ধরে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে চার দিন ধরে টানা দরপতন চলছে। চার দিনের এই দরপতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ১৪২ পয়েন্ট। যদিও এই সময়ে ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নামেনি। গত রোববার থেকে শুরু হওয়া দরপতন গতকাল বুধবারও অব্যাহত ছিল। এদিকে কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর আবার টানা দরপতনের সঠিক কোনো কারণ বলতে পারছেন না বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, হাতে গোনা কিছু কোম্পানির শেয়ারকে ঘিরে এখন বাজার আবর্তিত হচ্ছে। আগামী দিনে যেসব কোম্পানির লভ্যাংশ বিতরণের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে ঘিরেই এই আগ্রহ দেখা যাচ্ছে। এ কারণে অন্যান্য কোম্পানির শেয়ারের দাম কমছে। এর ফলে ভালো মৌলভিত্তির অনেক শেয়ারও দর হারাচ্ছে। বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদি মুনাফার প্রবণতার কারণেই এমনটি হচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে মার্চেন্ট ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন, নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের অস্বাভাবিক আগ্রহ তৈরি হয়েছে। এ কারণে এসব কোম্পানির শেয়ারের দাম এরই মধ্যে অযৌক্তিক পর্যায়ে চলে গেছে। এ নিয়ে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তাঁদের মতে, এভাবে চলতে থাকলে একদল বিনিয়োগকারী আবারও ক্ষতির মুখে পড়বেন। এসব কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেও একই ধরনের শঙ্কার কথা জানা গেছে। এ রকম মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজির ঘটনা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখার জন্য নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান কোম্পানির কর্মকর্তারা। কোম্পানি-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারের শেয়ারের দামের উত্থানের সঙ্গে কোম্পানির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। অথচ পরবর্তী সময়ে এসব দাম টেকসই না হলে তার দায় এসে পড়ে কোম্পানির ওপর।বস্ত্র খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি আরগন ডেনিমসকে সামনে রেখে গতকাল ঢাকার বাজারে লেনদেনে শীর্ষ অবস্থান ধরে রাখে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের এক-চতুথাংর্শ জুড়েই ছিল এ খাতটি। এই খাতের লেনদেন হওয়া ২৮ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৬ কোটি টাকা। এর মধ্যে আরগন ডেনিমসের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি টাকা। বস্ত্র খাতের পর লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৯ শতাংশ।খাতভিত্তিক লেনদেনের বাইরে একক কোম্পানি হিসেবে লেনদেনে শীর্ষে ছিল সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ৭ শতাংশ। ঢাকার বাজারে বুধবার ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টিরই দাম কমেছে, বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ৩২টির দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৫৫ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ১৫৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৩৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১১০ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে ১৬টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে সিএসইর লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা কম।