টানা চার দিন বাড়ার পর মূল্য সংশোধন
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এর ফলে দুই বাজারে মূল্যসূচক আগের দিনের চেয়ে কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৪৬ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১৭৬ পয়েন্ট। তবে ঢাকার বাজারে মূল্য সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রামের বাজারে তা সামান্য বেড়েছে।বাজার-সংশ্লিষ্টরা এটিকে স্বাভাবিক মূল্য সংশোধন বলেই অভিহিত করেছেন। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, গতকালের বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। কয়েক দিনের টানা দর বাড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার ফলে বিক্রির চাপ তৈরি হয়। বাজারের এই আচরণে ভীত হওয়ার কিছু নেই। এদিকে বাজার-আচরণ সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গতকালের গবেষণা-প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের টানা ঊর্ধ্বগতির যাত্রায় গতকাল কিছুটা যাত্রাবিরতি ঘটেছে। এ দিন বিনিয়োগকারীরা শেয়ারের বিক্রয়লব্ধ মুনাফা তুলে নিয়েছেন। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ওপর আদালতের দেওয়া তিন মাসের স্থগিতাদেশও বাজারে শেয়ারের বিক্রির চাপ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমলেও দরপতনের দিক থেকে শীর্ষে ছিল প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিকম এবং জীবনবিমা খাতের কোম্পানিগুলো।ঢাকার বাজারে গতকাল ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টিরই দাম কমেছে, বেড়েছে ৮৩টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে ডিএসইতে প্রায় এক হাজার ১২১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা কম। সোমবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৪১৮ পয়েন্টে। যদিও লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ সূচক সাড়ে পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টিরই দাম কমেছে, বেড়েছে ৫৯টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। সিএসইতে সোমবার প্রায় ৯৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা কম।