টানা চার বছর কমল চামড়ার দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরপর চার বছর দেশে চামড়ার দাম কমিয়ে নির্ধারণ করলেন ব্যবসায়ীরা। ২০১৩ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা। এ বছর সেই চামড়া কেনা হবে ৫০ টাকায়।
ট্যানারিমালিকদের দুই সমিতি ও চামড়া ব্যবসায়ী সমিতি গত শুক্রবার সংবাদ সম্মেলন করে চামড়ার এ দর ঘোষণা করে। তাদের দাবি, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম প্রায় ৩৫ শতাংশ কমেছে। কিন্তু দেশে এবার দাম কমিয়ে ধরা হয়েছে মাত্র ১০ শতাংশ।
এ হিসাবে ঢাকায় এক-একটি চামড়ার দাম কত হতে পারে, সে সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। তাঁরা জানান, ৩ মণ মাংস হবে, এমন একটি গরুর চামড়ার আকার সাধারণ ২০ থেকে ২২ বর্গফুট হয়। ৫০ টাকা বর্গফুট দরে এ আকারের চামড়ার দাম ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা হবে। আর ২ মণ মাংস হবে, এমন একটি গরুর চামড়ার আকার সাধারণত ১৬ থেকে ১৮ বর্গফুট হয়। ৫০ টাকা বর্গফুট ধরে এর দাম দাঁড়াতে পারে ৮০০ থেকে ৯০০ টাকা।
একইভাবে ৫ মণের কাছাকাছি মাংস হবে এমন একটি গরুর চামড়ার আকার ২৮ থেকে ৩০ বর্গফুট হতে পারে। প্রতি বর্গফুট ৫০ টাকা হিসাবে যা ১ হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা হবে।
অবশ্য সাধারণ মানুষ দাম পাবে আরও কম। কারণ কাঁচা চামড়া কেনার পর তাতে লবণ মাখানোসহ বিভিন্ন খরচ ও বিভিন্ন পর্যায়ে মুনাফা যুক্ত করার পরই ট্যানারি পর্যায়ে প্রতি বর্গফুট ৫০ টাকা করে দেওয়া হবে।
এবারের নির্ধারিত দর অনুযায়ী ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দর হবে প্রতি বর্গফুট ৪০ টাকা। এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২০, বকরির চামড়া ১৫ ও মহিষের চামড়া ২৫ টাকা দরে কেনা হবে।
গত বছর ঈদুল আজহায় ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছিল ৫০-৫৫ টাকা, যা ২০১৪ সালে ৭০-৭৫ এবং ২০১৩ সালে ৮৫-৯০ টাকা ছিল। হিসাব করে দেখা যায়, ২০১৩ সালের তুলনায় এ বছর চামড়ার দাম ৪৪ শতাংশ কমিয়ে ধরা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কতটুকু কমেছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায় ‘ইনডেক্সমুডি’ নামের একটি ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটিতে বিভিন্ন পণ্যের তুলনামূলক দামের চিত্র থাকে। এতে দেখানো হয়েছে, ২০১৩ সালের জানুয়ারি মাসে গরুর চামড়ার প্রতি পাউন্ডের দাম ছিল ৮৬ সেন্ট। ২০১৪ সালে তা বেড়ে ১ ডলার ১৫ সেন্ট পর্যন্ত উঠেছিল। ২০১৫ সালে দাম কমতে শুরু করে। এখন চামড়ার দাম প্রতি পাউন্ড ৭০ সেন্ট।
দেশে বছরে মোট যে পরিমাণ চামড়া সংগৃহীত হয় তার ৫০ থেকে ৫৫ শতাংশ আসে কোরবানির ঈদের সময়। এর ফলে এ মৌসুমে সাশ্রয়ী দরে চামড়া কিনতে পারলে তা দিয়ে সারা বছর ভালো ব্যবসা করা যায়।
বাংলাদেশে প্রতিবছর চামড়ার দর কমিয়ে ধরা হচ্ছে কেন? জানতে চাইলে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে চামড়ার দাম কমছে নানা কারণে। এ দেশে ট্যানারিশিল্প পরিবেশসম্মত নয় বলে ভালো ক্রেতারা আসছেন না। এ ছাড়া ইতালি, চীনসহ বাংলাদেশের চামড়ার বড় বাজারগুলোতে এখন মন্দাভাব চলছে।
টিপু সুলতান বলেন, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত ট্যানারিগুলোকে ২৮ দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষে হাজারীবাগ ছাড়া সম্ভব হয়নি। ভালো ক্রেতা না এলে চামড়ার ভালো দাম মেলে না।
উল্লেখ্য, সাভারে সরকার ২০০ একর জমিতে চামড়া শিল্পনগরী গড়ে তুলছে। সেখানে এবার কোরবানির চামড়া প্রক্রিয়াজাত করতে প্রস্তুত হয়েছে ২৫ থেকে ৩০টি ট্যানারি। বাকি ১২০-১৩০টি ট্যানারিকে দিনে ১০ হাজার টাকা করে জরিমানা দিয়ে হাজারীবাগেই উৎপাদন অব্যাহত রাখতে হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ২ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এ সময়ে আয় হয়েছে ১ হাজার ১৬১ কোটি ডলার।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে দরপতন, বাংলাদেশি চামড়ার বড় বাজারে মন্দা, ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন কিন্তু টাকার দাম বৃদ্ধি, চামড়ার পুরোনো মজুত রয়ে যাওয়া—এসব কারণে এ বছর চামড়ার দর কমিয়ে ধরা হয়েছে।
সাল দাম (প্রতি বর্গফুট)
২০১৩ ৮৫-৯০ টাকা
২০১৪ ৭০-৭৫ টাকা
২০১৫ ৫০-৫৫ টাকা
২০১৬ ৫০ টাকা