ত্রৈমাসিক হিসাব দিয়ে টানা মূল্যস্ফীতি বৃদ্ধির তথ্য এড়িয়ে গেলেন পরিকল্পনামন্ত্রী
টানা চার মাস ধরে মূল্যস্ফীতি বেড়েছে

টানা চার মাস ধরে মূল্যস্ফীতি বেড়েছে। চাল, মাছ-মাংস, তেল, দুধ, কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, সর্বশেষ গত মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ। গত ডিসেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ০৩ শতাংশ। এই হার ছিল আগের ৫১ মাসের মধ্যে সর্বনিম্ন। এরপর থেকেই মূলত মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। বিবিএস সূত্রে এসব তথ্য জানা গেছে।
অবশ্য পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে গতকাল দুপুরে পরিকল্পনামন্ত্রীও মূল্যস্ফীতির তথ্য সাংবাদিকদের জানান। তবে তিনি ত্রৈমাসিক ভিত্তিতে এই হিসাব দেন। সেখানে বলা হয়েছে, চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে গড় সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। গত অর্থবছরের একই প্রান্তিকে এই হার ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি কমেছে।
দুই বছর ধরে পরিকল্পনামন্ত্রী প্রতি মাসেই মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করেন। কিন্তু এবারই প্রথম ত্রৈমাসিক ভিত্তিতে গড় মূল্যস্ফীতি প্রকাশ করলেন। এতে মাসওয়ারি হিসাব নেই। ফলে প্রতি মাসে কী হারে মূল্যস্ফীতি হলো, তা বোঝা সম্ভব হয় না। আবার আগের বছরের একই মাসের সঙ্গেও তুলনা করা যায় না। ত্রৈমাসিক ভিত্তিতে গড় মূল্যস্ফীতি ঘোষণা করার সুবিধা হলো, টানা চার মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির তথ্যটি লুকিয়ে রাখা সম্ভব হয়েছে।
এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রতি মাসে যথাসময়ে তথ্য-উপাত্ত পাওয়া যায় না। তাড়াহুড়ো করে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিএস সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। মার্চ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৬ দশমিক ৮৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ১৮ শতাংশে উঠেছে। ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৩ দশমিক ০৭ শতাংশ।
বরাবরের মতো গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ওপর মার্চ মাসে মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ এবং গ্রামে এ হার ছিল ৫ দশমিক ১৯ শতাংশ। উভয় এলাকায়ই মূল্যস্ফীতি ছিল ঊর্ধ্বমুখী।