টানা তৃতীয় মন্দায় পড়ার আশঙ্কা এড়াল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের অর্থনীতি ‘ট্রিপল ডিপ রিসেশন’ বা টানা তৃতীয় দফায় মন্দার কবলে পড়ার আশঙ্কা এড়াতে পেরেছে।মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়ার সুবাদে দেশটি আবারও মন্দায় পড়া থেকে রেহাই পেল। খবর বিবিসির।যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) প্রাক্কলনে বলা হয়েছে, চলতি ২০১৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপিতে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।অর্থনীতি মন্দার শঙ্কা থেকে উতরে যাওয়ার খবরকে সেই দেশের চ্যান্সেলর জর্জ অসবর্ন ‘উৎসাহব্যঞ্জক লক্ষণ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, বহু বছর ধরে যে সমস্যা চলে আসছে সেটির সমাধানে সহজ কোনো উত্তর নেই। সব সময়ই চলার পথটি মসৃণ থাকবে এমন প্রতিশ্রুতি আমি দিতে পারছি না।’তবে বিরোধী দলের শ্যাডো চ্যান্সেলর এড বলস অবশ্য বলেছেন, অর্থনীতি ঠিক ছয় মাস আগে যেখানে ছিল এখন সেখানেই শুধু ফিরেছে।তাত্ত্বিকভাবে কোনো দেশের অর্থনীতি টানা দুটি প্রান্তিকে সংকুচিত হলে সেটাকে মন্দা বলা হয়, যা যুক্তরাজ্য সর্বশেষ তিন মাসে এড়াতে পেরেছে।যুক্তরাজ্যের অর্থনীতি বিগত পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো মন্দার কবলে পড়তে চলেছে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপিতে প্রবৃদ্ধি হওয়ায় সেই শঙ্কা কেটেছে।