টানা দরপতন নিয়ে ‘কনফিউজড’ রকিবুর
ঈদের ছুটির পর শেয়ারবাজারে টানা দরপতন চলছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবারের লেনদেনের চিত্র ছিল খানিকটা ভিন্ন। দিনের লেনদেন শেষে বেশির ভাগ কোম্পানি দর হারালেও সূচক সামান্য বেড়েছে।এ বিষয়ে জানতে চাইলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. রকিবুর রহমান ‘আমি পুরোপুরি কনফিউজড’ (বিভ্রান্ত) বলে মন্তব্য করেন।রকিবুর রহমান এই প্রতিবেদককে বলেন, ঈদের পর থেকে বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। এ অবস্থায় আজকের বাজারচিত্র নিয়ে খুবই চিন্তিত তিনি। তিনি আরও বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কী হচ্ছে বাজারে। আই অ্যাম টোটালি কনফিউজড।’ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক গতকালের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে আজ মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া আজ বাজার মূলধন কমেছে ১৭২ কোটি টাকার কিছু বেশি।