মাঝখানে কিছুদিন বিনিয়োগকারীরা আশার আলো দেখলেও আবার দরপতনের ধারায় ফিরে গেছে দেশের শেয়ারবাজার। টানা দরপতনে পুঁজি হারানোর আশঙ্কায় আগের মতোই রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিনিয়োগকারীরা। তবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীর মতিঝিলে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হোক এটা সবাই চায়। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আগেই তা ঘটা করে প্রচার করার মাধ্যমে বাজারে আতঙ্ক ছড়ানো উচিত নয়। উল্লেখ্য, এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী গত রোববার এক অনানুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা করাসংক্রান্ত এসইসির প্রস্তুতির কথা জানান। সে সময় তিনি বলেন, মামলা দায়েরের জন্য এসইসির আইনজীবীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই মামলা দায়ের হতে পারে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জুলাই মাসের বেশির ভাগ দিনই বাজার ছিল ঊর্ধ্বমুখী। তাই শেষ দিকে কিছুটা মূল্য সংশোধন একেবারে অপ্রত্যাশিত ছিল না। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে মামলাসংক্রান্ত ভীতি ছড়িয়ে পড়ায় মূল্য সংশোধন রূপ নিয়েছে দরপতনে। তাঁরা বলেন, কারও বিরুদ্ধে কারসাজির অভিযোগ প্রমাণিত হলে বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থেই তাঁর শাস্তি হওয়া জরুরি। এ জন্য বাজারের দরপতন ঘটার কোনো কারণ নেই। এদিকে গতকাল এক বৈঠকে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বাজারের স্থিতিশীলতার স্বার্থে গণমাধ্যমে কোনো ধরনের সংবেদনশীল বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে এসইসির কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বাজারের অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে এসইসি তাৎক্ষণিকভাবে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়। আর বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই তদন্ত প্রতিবেদনের আলোকে মামলা দায়ের করা হচ্ছে। মামলার কথা শুনে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিক্ষোভ: প্রত্যক্ষদর্শীরা জানান, গত ছয় কর্মদিবসের ধারাবাহিকতায় গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০২ পয়েন্ট কমে যায়। টানা সপ্তম দিনে দরপতন দেখে আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিনিয়োগকারীরা নীতিনির্ধারকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা পুঁজিবাজার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে বিক্ষোভ চলাকালে ওই এলাকায় যান-চলাচল ছিল স্বাভাবিক। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন ছিল।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ১৭৪ দশমিক ৬৫ পয়েন্ট কমে ছয় হাজার ১৯৩ পয়েন্টে নেমে আসে। এ নিয়ে সাত দিনে ডিএসই সাধারণ সূচক কমেছে ৫১৭ দশমিক ৫৯ পয়েন্ট বা ৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪১ দশমিক ৪১ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমে ১৭ হাজার ৫৮৭ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১টির ও কমেছে ১৭৪টির। স্টক এক্সচেঞ্জটিতে ৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম।ডিএসইতে গতকাল হাত বদল হয়েছে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ২৪১টির ও অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।