টানা দুই মাস নীতি সুদহার কমাল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দুই মাস নীতি সুদহার কমাল চীন
ফাইল ছবি: রয়টার্স

টানা দ্বিতীয় মাস নীতি সুদের হার কমিয়েছে চীন। অর্থনীতির পালে হাওয়া দিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য বড় অর্থনীতির দেশ মূল্যস্ফীতি মোকাবিলায় যেসব পদক্ষেপ নিচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেও চীন এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।

সরবরাহ ব্যবস্থার সংকটে বিশ্বজুড়ে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সারা বিশ্বেই মূল্যস্ফীতি বেড়ে গেছে। এশিয়া থেকে ইউরোপে সমুদ্রপথে একটি ৪০ ফুটের কনটেইনার পাঠাতে বর্তমানে ১৭ হাজার ডলার খরচ হয়, যা গত বছরের চেয়ে ১০ গুণ বেশি। বিমানে পণ্য পরিবহনের খরচ এমনিতেই বেশি। সেই ভাড়া এখন আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। ইতিমধ্যে ইউরোপজুড়ে ট্রাকচালকসংকটে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

এ ধরনের পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত নীতি সুদহার বাড়িয়ে বাজারের মুদ্রা সরবরাহে রাশ টানে। কিন্তু উভয় সংকট হচ্ছে, মহামারি মোকাবিলায় অধিকাংশ দেশ এখনো বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। তাতে বাজারে অতিরিক্ত তারল্যের সৃষ্টি হয়েছে।

তবে শেষমেশ এই নীতি থেকে সরে এসে মূল্যস্ফীতি রোধে ব্যবস্থা নিচ্ছে ফেডারেল রিজার্ভ ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। চীনও এখন সেই পথে হাঁটছে। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতিতে। সম্প্রতি নীতি সুদহার কমানোর এই পদক্ষেপ অর্থনীতির পুনরুদ্ধারে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সরকারের নতুন প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না এক বছর মেয়াদি ঋণের প্রাইম হার শূন্য দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭০ করেছে। গত মাসেও এ হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৮০ শতাংশ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বেঞ্চমার্ক মর্টগেজ সুদের হার বা পাঁচ বছর মেয়াদি ঋণের প্রাইম হার কমানো হয়েছে। এ হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৬ শূন্য শতাংশ করা হয়েছে। ২০২০ সালের এপ্রিলের পর এবারই প্রথম এ হার কমানো হলো।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশের কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা সরবরাহ, আর্থিক লেনদেন, ভোক্তা ব্যয় ও অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে। চীনের অর্থনীতি চাঙা রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে পিপলস ব্যাংক অব চায়না।

মহামারির প্রকোপ কমার পর সারা বিশ্বে পণ্য সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পরিবহন সংস্থাগুলো। এর মানে হলো, আমদানিকারক হয়ে বিক্রেতাদের হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে হয়। এতে পণ্যের দাম বেড়ে যায়।