টানা পঞ্চম দিনের দরপতনে বিক্ষোভ

আবার দরপতন, আবার আতঙ্ক, আবারও বিক্ষোভ দেশের শেয়ারবাজারে। গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে টানা পঞ্চম দিনের মতো দরপতন ঘটেছে। গতকালের দরপতন ছিল বেশ বড় ধরনের। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স তিন শতাংশ বা ১২৫ পয়েন্ট কমেছে। সাধারণ সূচক কমেছে তিন শতাংশ বা ১৩৪ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক তিন শতাংশ বা ৩৮৬ পয়েন্ট কমেছে।
হঠাৎ বড় ধরনের দরপতনের ঘটনায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। সূচক ও শেয়ারের দরপতনে এই আতঙ্কের চিত্র স্পষ্ট। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে যখন আতঙ্ক বা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় তখন বাছবিচার ছাড়াই সব ধরনের শেয়ারের দরপতন ঘটতে থাকে। সেটিই ঘটছে এখন।
দরপতনের প্রতিবাদে সোমবার থেকে আবারও রাজপথে নেমেছেন একদল ক্ষুব্ধ বিনিয়োগকারী। সোমবার মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভের পর গতকাল একদল বিনিয়োগকারী দিলকুশায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা বিএসইসি ও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় সেখানে কিছুটা শোরগোল তৈরি হয় বলে জানা গেছে। পরে তাঁরা বিএসইসির কাছে স্মারকলিপি দেন।
এদিকে বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে বেশ উত্থানের ঘটনা ঘটেছে। এ ধরনের উত্থানের মতো কোনো কারণই ছিল না। তাই এটা স্পষ্ট ছিল কারসাজি করে একটি সংঘবদ্ধ চক্র তাদের নিজেদের স্বার্থে বাজারকে টেনে তুলেছিল। এখন তারাই আবার নিজেদের স্বার্থে বাজারের পতন ঘটাচ্ছে। মাঝখানে নিয়ন্ত্রক সংস্থা তার কোনো ভূমিকা পালন করছে না।
মোহাম্মদ হেলাল আরও বলেন, যৌক্তিক ও মৌলিক কোনো কারণ ছাড়া বাজার যখন একটানা বাড়তে থাকে, তখন বুঝতে হবে কারসাজির মাধ্যমে এটি করা হচ্ছে। যারা কারসাজি করে বাজার বাড়াতে পারে তারা কমানোরও সামর্থ্য রাখে।
মোহাম্মদ হেলাল নিয়ন্ত্রক সংস্থার কার্যকরী ও কৌশলী ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘হঠাৎ করে বাজারের কেন উত্থান ঘটল বা আবার কেন বড় ধরনের পতন তার তথ্যভিত্তিক ব্যাখ্যা থাকা উচিত নিয়ন্ত্রক সংস্থার কাছে। কেন বাজারে লেনদেন বেড়ে হাজার কোটি ছাড়াল আবার কেনই-বা তা তিন গুণ কমে ৪০০ কোটিতে নামল তার কোনো সঠিক তথ্য কারও জানা নেই। এই তথ্য খুঁজে বের করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাকে সেই দায়িত্ব পালন করতে আমরা দেখছি না।’
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপকালে তাঁরাও নিয়ন্ত্রক সংস্থা সম্পর্কে একই ধরনের মতামত তুলে ধরেন। তাঁদের মতে, কিছু কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির শুরুতে যদি নিয়ন্ত্রক সংস্থা কার্যকর পদক্ষেপ নিত, তাহলে অস্বাভাবিক পতনের ঘটনা ঘটত না।
বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৮৪ এবং চট্টগ্রামের বাজারে ৮৮ শতাংশের দাম কমেছে। দিন শেষে ডিএসইতে ৪৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এ দিন লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।