টানা পতনের পর সূচক বাড়ায় খানিকটা স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পতনের পর অবশেষে সূচক আবার বাড়ল। সরকারের হস্তক্ষেপে অব্যাহত দরপতনের ধারা থেকে শেয়ারবাজার বেরিয়ে আসায় পুঁজি হারিয়ে নিঃস্ব লাখো বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। আর তাই রাজপথের বিক্ষোভ ছেড়ে আবার তাঁরা ব্রোকারেজ হাউসগুলোতে লেনদেনে সক্রিয় হয়েছেন। তবে এ ধারা কত দিন স্থায়ী হবে, তা নিয়ে তাঁদের নিজেদের মধ্যেই প্রশ্ন রয়েছে। অব্যাহত দরপতন ঠেকাতে সরকার গতকাল মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংককে শেয়ার কেনার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) শেয়ার কেনার জন্য আরও ২০০ কোটি টাকার তহবিল দিয়েছে। এর আগে সরকার আইসিবিকে দুই দফায় ৪০০ কোটি টাকা দেয়। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সরকারের এ পদক্ষেপে আশাবাদী হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। ফলে এক দিন আগেও যাঁরা যেকোনো দামে শেয়ার বেচে দিতে রাজি ছিলেন, তাঁদেরই অনেকে অবতীর্ণ হয়েছেন ক্রেতার ভূমিকায়। আগের দিনে যেখানে ২০৭টি কোম্পানির শেয়ারে ক্রেতা ছিল না, সেখানে গতকাল মঙ্গলবার অনেক কোম্পানির শেয়ার বিক্রেতাহীন হয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল আইসিবি ও সরকারি মালিকানাধীন চার ব্যাংক মিলে মোট ২৭ কোটি টাকার শেয়ার কিনেছে।যোগাযোগ করা হলে আইসিবির মহাব্যবস্থাপক ইফতেখার-উজ-জামান প্রথম আলোকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী শেয়ার কেনার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু বাজার তার নিজস্ব গতিতে বেড়ে যাওয়ায় আমাদের খুব বেশি শেয়ার কিনতে হয়নি।’ তিনি বলেন, সরকারের নির্দেশনা পরিপালনের জন্য আগামী রোববার আইসিবি ও চার ব্যাংক নিজেদের মধ্যে বৈঠক করবে। এ বৈঠকে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্যে বিনিয়োগের কৌশল ঠিক করা হবে বলে জানান তিনি। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত সোমবার ৫০০ কোটি টাকার একটি প্রথম বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তি ও নিবন্ধন অনুমোদন দিয়েছে। ফান্ডটির উদ্যোক্তাদের ২০০ কোটি টাকা তাৎক্ষণিক বিনিয়োগের শর্তে দ্রুততার সঙ্গে ফান্ডটির অনুমোদন দেওয়া হয়। মিউচুয়াল ফান্ডটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, গতকাল থেকেই তহবিলটির উদ্যোক্তাদের অংশ দিয়ে শেয়ার কেনা শুরু হয়েছে। বাজার পরিস্থিতি: গতকাল লেনদেনের শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৫০ পয়েন্টের বেশি বেড়ে যায়। কিন্তু পরের ২০ মিনিটে মূল্যসূচক কমে ৩৫০ পয়েন্টের মতো। তবে এর পর থেকে সূচক আবার বাড়তে শুরু করে, যা দিনভর অব্যাহত ছিল।ডিএসইতে গতকাল দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৩৪৭ পয়েন্ট বা ৬ দশমিক ২১ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৯২৬ পয়েন্ট ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৭০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৮৩ পয়েন্ট হয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৯৮ কোটি টাকার। অপর দিকে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সামান্য বেশি। ডিএসইতে গতকাল ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম।বাজার বিশ্লেষকেরা বলছেন, সরকারের পক্ষ থেকে আশান্বিত হওয়ার মতো ঘোষণা থাকলেও দু-একটি ব্যতিক্রম ছাড়া বাজার অতি প্রতিক্রিয়া দেখায়নি। এটি একটা শুভ লক্ষণ। তাঁদের মতে, যেকোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বাজার একেবারে ক্রেতাহীন বা বিক্রেতাহীন হয়ে পড়া বাজারের স্থিতিশীলতার জন্য ভালো নয়। বিশ্লেষকেরা আরও বলেন, বিনিয়োগকারীরা এখনো চরম আস্থার সংকটে ভুগছেন। এ অবস্থায় বাজার বিষয়ে কোনো মন্তব্য করার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিএসই ভবনের সামনে গতকালও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। তবে শেষ পর্যন্ত দরপতন না ঘটায় মতিঝিল এলাকা ছিল স্বাভাবিক।বৃহস্পতিবার লেনদেন বন্ধ: কাল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন হবে। এ উপলক্ষে রাজধানীতে দুপুর দুইটার পর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ের পর ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় দিনের লেনদেন নিষ্পত্তি করা সম্ভব হবে না। এ কারণে ডিএসই কর্তৃপক্ষ ওই দিন লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ নিয়ে টানা চার দিন লেনদেন বন্ধ থাকবে ডিএসইতে। আগামী রোববার আবার লেনদেন যথারীতি শুরু হবে।