টানা পাঁচ মাস ধরে বিশ্বে খাদ্যের দাম কমছে
বিশ্বব্যাপী খাদ্যের দাম আরও কমেছে। এ নিয়ে টানা পাঁচ মাস ধরে বিশ্বে খাদ্যের দাম কমছে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের খাদ্যমূল্য সূচকে।
ওই সূচকে দেখা গেছে, গত মাসে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে ১৯৯ দশমিক ১ পয়েন্টে। এ বছরের শুরুতে খাদ্যমূল্য সূচক ছিল ২১০ পয়েন্ট।
জাতিসংঘ প্রতি মাসেরই বিভিন্ন ধরনের পণ্য ও শস্যের দাম বিশ্লেষণ করে খাদ্যমূল্য সূচকটি তৈরি করে।
চলতি মাসের শুরুতে বৈশ্বিক খাদ্যমূল্য নিয়ে রোমে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক গ্রাজিয়ানো দ্য সিলভা বলেছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বেশ পড়েছে। তবে এখনো তা বেশি। সে কারণেই আগামী বছরগুলোতে খাদ্যের মূল্যের অস্থিরতা হবে না—এমনটি উড়িয়ে দেওয়া যায় না।
অর্থনীতিবিদেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে এবার বাম্পার ফলন হওয়াই সাম্প্রতিক এই খাদ্যপণ্যে মূল্য কমার কারণ।
এফএওর সূচকে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার খাদ্যশস্যের মূল্যসূচক ২০ শতাংশ কম।
সূত্র: দ্য ন্যাশনাল