টানা বৃদ্ধির পর নিলামে চায়ের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বাড়তে থাকার পর নিলাম বাজারে চায়ের দাম কমছে। চা আমদানিতে প্রস্তাবিত শুল্কায়ন মূল্য কমানো এবং ভরা মৌসুমে চায়ের সরবরাহ ভালো থাকায় দাম কমার কারণ বলে ব্যবসায়ীরা জানান।
নিলামে দাম বাড়ায় চা বাজারজাতকারী কোম্পানিগুলোও চায়ের দাম বাড়িয়েছিল। ৪০০ গ্রামের প্যাকেটজাত চায়ের দাম কেজিপ্রতি ১৮-২০ টাকা বাড়ানো হয়। তবে দাম কমার পর এখনো প্রভাব পড়েনি খুচরা বাজারে।
চা বেচাকেনায় জড়িত ব্যবসায়ীরা জানান, প্রস্তাবিত বাজেটে চা আমদানিতে শুল্কায়ন মূল্য ২ ডলার নির্ধারণ করা হয়। এই দরে শুল্কায়ন হলে চা আমদানিতে শুল্ককর বেশি দিতে হবে। বাজেটে এই প্রস্তাবের পরই নিলামে চায়ের বাজার অস্থির হয়ে ওঠে। চা আমদানিতে শুল্কায়ন মূল্য কমিয়ে ১ ডলার ৬০ সেন্ট নির্ধারণ করা হয়। শুল্কায়ন মূল্য কমানোর পর গত চারটি নিলামে চায়ের গড় দামও কমতে থাকে।
এইচআরসি গ্রুপের চা বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইদ্রিস গত বুধবার প্রথম আলোকে বলেন, ট্যারিফ ভ্যালু বাড়ানোর কারণে চায়ের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। ট্যারিফ ভ্যালু কমানোর পর দামে সংশোধন হয়েছে। আবার ভরা মৌসুমের কারণে নিলামে চায়ের সরবরাহ ভালো। ভালো মানের চা-ও নিলামে উঠছে। ফলে নিলামে দামও স্থিতিশীল হচ্ছে।
চা বেচাকেনায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর তথ্যে দেখা যায়, টানা সাতটি নিলামে চায়ের দাম গড়ে বৃদ্ধি পায় কেজিপ্রতি ৫৩ টাকা। এরপর গত চারটি নিলামে ধারাবাহিকভাবে কমতে থাকে চায়ের দাম। এর মধ্যে তিনটি নিলামে গড়ে দাম কমেছে কেজিপ্রতি ৩৪ টাকা। সর্বশেষ গত মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে সাধারণ মানের চা কেজিপ্রতি পাঁচ টাকা কমেছে। এই নিলামে বিক্রি হওয়া চায়ের গড় দাম এখনো পাওয়া যায়নি।
নিলাম বাজার সূত্রে জানা যায়, দাম কমতে থাকলেও নিলামে চায়ের সরবরাহ ছিল ভালো। যেমন, মঙ্গলবার নিলামে বিক্রির জন্য ২৩ লাখ কেজি চা তোলা হয়েছিল। গত বছরের একই সময়ের নিলামের চেয়ে এর পরিমাণ ছিল পাঁচ লাখ কেজি বেশি। আগামী সপ্তাহের মঙ্গলবারের নিলামে তোলা হবে প্রায় ২৩ লাখ কেজি চা; যার পরিমাণ গত বছরের চেয়ে চার লাখ কেজি বেশি।
বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল হাই চৌধুরী প্রথম আলোকে বলেন, নিলাম বাজারে চায়ের দাম এখন কমছে। মঙ্গলবার চায়ের দাম মানভেদে কেজিপ্রতি ১৬০ থেকে ২২০ টাকায় বেচাকেনা হয়েছে। কেজিপ্রতি হিসাবে গড়ে গত নিলামের চেয়ে সর্বোচ্চ পাঁচ টাকা কমেছে। বাজার স্বাভাবিক হওয়ায় এখন খুচরা বাজারেও দাম কমবে।
রেয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী আহমেদ কবির প্রথম আলোকে বলেন, বাজেটের আগে বিভিন্ন ব্র্যান্ডের ৪০০ গ্রাম প্যাকেটের চায়ের দাম ছিল ১৪৮ থেকে ১৫০ টাকা। বাজেটের পর নিলাম বাজারে দাম বাড়তে থাকায় কোম্পানিগুলোও চায়ের দাম বাড়ায়। প্রতি ৪০০ গ্রাম প্যাকেটের চা এখন বিক্রি হচ্ছে ১৬৮ টাকা। এই দামেই এখন খুচরায় চা বিক্রি হচ্ছে।
চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৬২টি চা-বাগান রয়েছে। এসব বাগানে উৎপাদিত চা বিক্রি হয় চট্টগ্রামের আন্তর্জাতিক নিলামে। প্রতি মঙ্গলবার এ নিলাম অনুষ্ঠিত হয়।