টানা হরতালে ঈদের বেচাকেনায় ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে ক্রেতাশূন্য থাকছে বিপণিবিতান ও দোকানপাট। ঢাকার মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সের একটি দোকানের দৃশ্য ষ ফোকাস বাংলা
হরতালে ক্রেতাশূন্য থাকছে বিপণিবিতান ও দোকানপাট। ঢাকার মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সের একটি দোকানের দৃশ্য ষ ফোকাস বাংলা

‘গত বছর রমজান মাসের প্রথম সপ্তাহের মধ্যে এক দিনেই নয় হাজার টাকার কাপড় বিক্রি করেছিলাম। এইবার এখনো তিন হাজারই ছাড়াইতে পারি নাই। পরশু দিন তো বিক্রি হইছে মাত্র দেড় শ টাকার কাপড়।’
রাজধানীর মধ্য বাড্ডার হাশেম আলী খান মার্কেটের শিশুদের পোশাক বিক্রেতা আবদুস সাত্তার যখন হতাশ মনে এসব কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল তাঁর কাছে ঈদের বেচাকেনার খবর জানতে চাওয়াই বোধ হয় ঠিক হয়নি। আবদুস সাত্তারের সঙ্গে কথা হয় গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে। তাঁর উল্লিখিত ওই ‘পরশু দিন’ ছিল হরতাল। সাত্তার আরও বলেন, ‘আমাদের বেচাকেনাই হইল ঈদের সময়। এই সময় যদি হরতাল থাকে, তাইলে বেচাবিক্রি হইব কেমনে?’ প্রতিবছর রমজান মাসের প্রথম দিন থেকেই ঈদের বিকিকিনি শুরু হলেও টানা হরতালে এবার বেচাকেনার শুরুতেই ভাটা পড়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার আবারও হরতাল ডাকা হয়েছে। তাই ঈদের আগে কাঙ্ক্ষিত মাত্রায় পণ্য বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন আবদুস সাত্তারের মতো আরও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। শুধু যে খুচরা বিক্রেতাদেরই বিক্রি হচ্ছে না তা নয়, মাথায় হাত পড়েছে পাইকারি ব্যবসায়ীদেরও। অবশ্য পাইকারি ব্যবসায়ীদের রমজান মাসের পণ্য বিক্রির একটি অংশ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তবে অন্য রমজান মাসের তুলনায় এবার বিক্রি কম বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত গোলাম আযম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে তিনদিন ধরে হরতাল পালিত হচ্ছে। অবশ্য বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী হরতালে দোকান খোলা রাখা হয়েছে। খুচরার চালচিত্র: রমজানের প্রথম সপ্তাহের পর থেকে মূলত ঈদের বাজার জমে উঠতে থাকে। তবে বিক্রেতাদের মতে, রমজান মাসের এই প্রথম সপ্তাহেও যে পরিমাণ বিক্রি হয়, তা বছরের অন্য যেকোনো সময়ের এক মাসের আয়ের সমান। এবার ব্যবসা খুবই খারাপ। হরতালের কারণে দিনের বেলায় ঢাকার বিপণিবিতানগুলোতে ক্রেতার আনাগোনা কমে গেছে। বিক্রেতারা বলছেন, আতঙ্কিত ক্রেতারা রোজা রেখে ঝুঁকি নিয়ে কেনাকাটা করতে যেতে চান না। তবে সন্ধ্যার পর বিপণিবিতানগুলোতে ক্রেতারা আসছেন। মালিবাগ সুপার মার্কেটের মিশি ফ্যাশনসে পুরুষের পোশাক বিক্রি হয়। এর স্বত্বাধিকারী রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টানা হরতালে ব্যবসায়ীদের করুণ অবস্থা। সারা বছরের মধ্যে একটা মাসই আমরা চিন্তা করি ভালো বিক্রি করব। কিন্তু এ মাসের চারটি দিনই বিক্রি ছাড়াই চলে গেল।’ দোকান মালিক সমিতির এই সহসভাপতি জানান, গত বছর এ সময়ে যে পরিমাণ বিক্রি হয়েছে, তার ২৫ শতাংশও এবার বিক্রি হয়নি। মধ্য বাড্ডার হাশেম আলী খান মার্কেটের সঙ্গে লাগোয়া আরেকটি মার্কেট হচ্ছে হাজি নূরনবী সুপার মার্কেট। ওই এলাকায় এগুলো ‘গরিবের মার্কেট’ নামে পরিচিত। এখানে তৈরি থ্রি-পিস, থানকাপড়সহ মেয়েদের নানা ধরনের পোশাক বিক্রি করেন শামসুল আলম। তিনি বলেন, ‘আমরা বছরে দুই ঈদে ব্যবসা করি, সারা বছর চলি। কিন্তু সেই সময়েও এবার টানা হরতাল দেওয়া হচ্ছে। আমাদের পেটে লাথি দেওয়া হচ্ছে।’ মৌচাক মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ এলাকায় বেশ কয়েকটি স্কুল, কলেজ এবং কোচিং সেন্টার থাকায় হরতালের মধ্যেও এ মার্কেটে দিনের বেলাতেও লোকসমাগম ভালো। তবে এদের মধ্যে ক্রেতার সংখ্যা কম। মার্কেটের বৈশাখী ফেব্রিকসের কর্মচারী আশরাফুল আলম বলেন, ‘যারা আসল ক্রেতা, তারা কিন্তু হরতালের কারণে মার্কেটে আসতে পারছে না। আর সে কারণে আমাদের বিক্রি অনেক কমে গেছে। সারা বছর আমরা যেমন বিক্রি করি, তেমনই হচ্ছে। ঈদের বিক্রি আর হচ্ছে না।’ গুলশানের জব্বার টাওয়ারের বৈশাখী লেডিস টেইলার্স অ্যান্ড ফ্যাশনসে সকালে খানিকটা পোশাক বেচাকেনা হতে দেখা গেছে। তবে তাতে খুশি নন দোকানের এক কর্মচারী। তিনি বলেন, ‘রমজান মাসে হরতাল দেওয়া না হলে আমরা শান্তিমতো ব্যবসা করতে পারতাম।’ পাইকারদের হালহকিকত: ঈদ সামনে রেখে রাজধানীর পাইকারি মার্কেটগুলো এখন ব্যস্ত সময় পার করছে। পুরান ঢাকার উর্দু রোড ও ইসলামপুর রোডের পোশাক ও পাঞ্জাবির বাজার, গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকা, মিরপুর বেনারসি পল্লি থেকে সারা দেশের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ঈদের পণ্য সংগ্রহ করে থাকেন। পাইকারি মার্কেটগুলোতে মূলত ১৫ রমজানের আগেই বেচাকেনা শেষ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, টানা হরতালে সারা দেশ থেকে পণ্য নিতে আসতে পারছেন না ব্যবসায়ীরা। ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ফরহাদ রানা প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা সারা বছর কাপড় গুদামজাত করে এক মাস বিক্রি করেন। যদি ১৫ দিনও বেচতে পারেন, তাহলেও গুদাম খালি হয়ে যায়। কিন্তু হরতালে এবার বেচাকেনার অবস্থা ভয়াবহ। তাঁর মতে, প্রতিবছর রমজান মাসে ইসলামপুরে দেড় হাজার কোটি টাকার মতো কাপড়ের ব্যবসা হয়। এবার এখন পর্যন্ত বড়জোর ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ব্যবসা হয়েছে। গুলশানের পিংক সিটির সিল্ক ডাইনেস্টির স্বত্বাধিকারী আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের পোশাকটা তো বিলাসপণ্য। হরতালে যদি মানুষ বের হতে না পারে, তাহলে কেমন করে তা কিনবে?’ তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার ৩০ থেকে ৪০ শতাংশ বিক্রি কমেছে।