টানা হরতালে এফবিসিসিআইয়ের উদ্বেগ
জামায়াতে ইসলামীর ডাকা চলমান হরতাল কর্মসূচির মধ্যে আবারও হরতাল ডাকায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি আজ সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে উদ্বেগের কথা জানিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এভাবে ঘন ঘন হরতালের কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে বলেও মন্তব্য সংগঠনটির।
এফবিসিসিআই বলেছে, বিচারিক বিষয়ে জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালে নাগরিক জীবন, উৎপাদন–ব্যবস্থা, পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ওপর আবার ৪৮ ঘণ্টার হরতালে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আরও বিঘ্নিত হবে।
সংগঠনটি বলেছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত বছর ঘটে যাওয়া ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির কারণে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল সবার ঐকান্তিক প্রচেষ্টায় তা কাটিয়ে উঠছে এবং প্রায় সব সূচকই এখন ইতিবাচক। সেই মুহূর্তে আবারও লাগাতার হরতাল কর্মসূচি অর্থনীতির অগ্রযাত্রাকে ব্যাহত করবে। হরতালের মতো কর্মসূচি অর্থনীতিকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে।
এফবিসিসিআইয়ের মতে, হরতালের কারণে অর্থনীতির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে জেএসসি ও জেডিসিসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচি বিপর্যয়ের মুখে পড়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।