বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালের রাজধানীর ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলে এসেছে। ব্যবসায়ীদের মধ্যে এখনো আতঙ্ক কাজ করছে। তাই নগরের অধিকাংশ এলাকার দোকানপাট খুলছে না। হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার সকালে গিয়ে দেখা যায়, নিউমার্কেট এলাকার প্রায় সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ। তবে নীলক্ষেত ও গাউছিয়া মার্কেটের সামনে ফুটপাতের ওপর অল্প কিছু দোকান খুলেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতাদের আনাগোনা অবশ্য তেমন একটা চোখে পড়েনি।রহিম নামের এক ক্ষুদ্র পোশাক ব্যবসায়ী বলেন, ‘ভাই ব্যবসাপাতি হইতাছে না। রোজগার বন্ধ। এইভাবে আর একদিন চললে না খাইয়া মরণ লাগব।’ তিনি আরও বলেন, ‘সাধারণত প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার বেচাবিক্রি হয়। কিন্তু হরতালের প্রথম দিন বিক্রি হয়েছে মাত্র আড়াই শ টাকার।’নিউমার্কেট থেকে এলিফ্যান্ট রোডের দিকে এগোলে দেখা যায়, দু-একটি ছাড়া সেখানকার বেশির ভাগ দোকান বন্ধ। হাতিরপুলের কাঁচাবাজারসংলগ্ন মুদি, খাবার ও ওষুধের দোকান খোলা ছিল। সেখানকার স্যানিটারি ও সিরামিকের পণ্যের দোকান খোলেননি মালিকেরা। অবশ্য দুপুরের পর কারওয়ান বাজার এলাকার কিছু দোকান খুলতে দেখা যায়। নিরাপত্তার কারণে সাটার অর্ধেক খুলে বসেছিলেন।এর আগে মতিঝিল ও পল্টন এলাকার খাবার দোকান ছাড়া অন্য দোকানপাট বন্ধ দেখা যায়। তবে গুলিস্তানের কয়েকটি কাপড়ের দোকান খোলা ছিল। নবাবপুরে হার্ডওয়্যারের দোকানগুলোও খুব একটা খোলেননি ব্যবসায়ীরা।নবাবপুরের এক ব্যবসায়ী বলেন, ‘আতঙ্কের কারণেই দোকানপাট খুলছেন না ব্যবসায়ীরা। তা ছাড়া খুলেও লাভ নেই। কারণ, এটা পাইকারি বাজার। ঢাকার বাইরের ব্যবসায়ীরাই এখানকার মূল ক্রেতা। তাঁরা হরতালের কারণে আসতে পারছেন না।’বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ড অ্যাসোসিয়েশনের ঢাকা সার্কেলের সাবেক সভাপতি মো. ইকরামউল্লাহ হাবিব প্রথম আলোকে বলেন, ‘হরতালে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এখনই এই অরাজকতার রাশ টেনে ধরা উচিত।’ এসব এলাকার মতো পুরান ঢাকায়ও একই চিত্র ছিল। বাংলাবাজার ও ইসলামপুরের দোকানপাট ও বিপণিবিতানগুলো অধিকাংশই বন্ধ ছিল। অবশ্য পাটুয়াটুলীতে কিছু দোকানদারকে অর্ধেক দোকান খুলে বসেছিলেন। তবে অন্য দিনের মতো ক্রেতা ছিল না। এদিকে সদরঘাট এলাকার বড় দোকান বন্ধ থাকলেও ফুটপাতের দোকান মোটামুটি ছিল খোলা।গতকাল দুপুরে পাটুয়াটুলীর মানিকগঞ্জ অপটিকসের মালিক সোহেল রানা বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৫০ টাকা। আগে হরতালে বেচাবিক্রি একটু হলেও এবার তেমন হচ্ছে না। আসলে সারা দেশের সহিংস ঘটনায় আতঙ্কে ক্রেতারাও খুব একটা আসছেন না।’আরেক ব্যবসায়ী সাইনিং ইলেকট্রনিকসের আবদুল মান্নান বলেন, ‘হরতালের বিকল্প রাজনৈতিক কর্মসূচি খুঁজে বের করতে হবে, যাতে করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন। এটি না হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না।’