
টানা ৯ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতের মহদিপুর বন্দর থেকে গতকাল সোমবার থেকে আসতে শুরু করেছে আমদানি করা পণ্যবোঝাই ট্রাক।
স্থানীয় সাংসদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার, র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার, আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শ্রমিকনেতা ও বন্দরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর গতকাল বেলা তিনটা থেকে আমদানি কার্যক্রম শুরু হয়।
সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার নুরুল বাশির ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সোহেল আহমেদ বিকেল চারটার দিকে জানান, তখন পর্যন্ত আমদানি পণ্যবাহী ২৫টি ভারতীয় ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। বন্দরে প্রবেশের অপেক্ষায় দুই হাজারেরও বেশি ট্রাক ভারতের মহদিপুর বন্দরে অপেক্ষমাণ রয়েছে। এ ছাড়া সোনামসজিদ বন্দরে এখনো আমদানি পণ্যবোঝাই অনেকগুলো ভারতীয় ট্রাক আটকে আছে।
নুরুল বাশির ও সোহেল আহমেদ আরও জানান, স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী ও প্রশাসনের পক্ষ থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় পূর্ণ নিরাপত্তা বিধানের আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশি খালি ট্রাক সংগ্রহ করে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করে সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে শিগগিরই।
বন্দরের সহকারী কমিশনার জানান, ৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাতবারে ১৮৯টি আমদানি পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় দেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়েছে।
তবে সোনামসজিদ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পণ্যবোঝাই ট্রাক দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার সময় অবশ্য পথে পথে অবরোধারীদের হামলার মুখে পড়ে। হামলায় পুলিশ ও বিজিবির সদস্য, ট্রাকচালকসহ বেশ কয়েকজন আহত হন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তিনটি ট্রাক। ক্ষতিগ্রস্ত হয় ১০-১২টি ট্রাক। গত বৃহস্পতিবার শিবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের পর ট্রাকে আর হামলার ঘটনা ঘটেনি।