টানাপোড়েন সত্ত্বেও বেড়েছে বিদেশি সহায়তার অর্থছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত ২০১১-১২ অর্থবছরে বিশ্বব্যাংকসহ বড় দাতাদের সঙ্গে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েন ছিল। এর ফলে আশঙ্কাও ছিল, দাতারা যথাসময়ে অন্য প্রকল্পগুলোতে অর্থ ছাড় করবে কি না। কিন্তু বছর শেষে দেখা গেছে, অর্থছাড় আগের বছরের তুলনায় বেড়েছে। তবে প্রতিশ্রুতি কিছুটা কমেছে। প্রসঙ্গত, বিদায়ী অর্থবছরে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সেই সম্পর্কের শীতলতা এখনো কাটেনি।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে (জুন-জুলাই সময়কালে) ২০৩ কোটি ৩৪ লাখ ডলার ছাড় করেছে দাতারা, যা প্রতিশ্রুতির অর্ধেকের কম। তবে এই সময়ে সুদাসল বাবদ ৯৬ কোটি ৬৪ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশ সরকারকে। সেই হিসাবে গত বছরে প্রকৃত প্রাপ্তি দাঁড়িয়েছে ১০৬ কোটি ৭০ লাখ ডলার। সরকারকে জাতীয় বাজেটে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধের জন্য আলাদা বরাদ্দ রাখতে হয়। গত অর্থবছরে দাতাদের প্রতিশ্রুতিও কিছুটা কম ছিল। আলোচ্য সময়ে ৪৪৯ কোটি ৭৭ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল দাতা দেশ ও সংস্থাগুলো। এর মধ্যে ঋণ হিসেবে ৩২১ কোটি ৬৭ লাখ ডলার আর অনুদান ১২৮ কোটি ১০ লাখ ডলার। এর আগের অর্থবছরে (২০১০-১১) প্রতিশ্রুতি ছিল ৫৯৬ কোটি ৬৩ লাখ ডলার। ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ঋণ হিসেবে পাওয়া গেছে ১৪৫ কোটি ৯৫ লাখ ডলার। আর অনুদান মিলেছে ৫৭ কোটি ৩৮ লাখ ডলার। এর আগের অর্থবছরে ঋণ ও অনুদান মিলিয়ে মোট ১৭৭ কোটি ৬৭ লাখ ডলার পাওয়া গিয়েছিল। এ পর্যন্ত একই অর্থবছরে রেকর্ড বিদেশি সহায়তা পাওয়া গিয়েছিল ২০০৯-১০ অর্থবছরে। এর পরিমাণ ছিল ২২২ কোটি ৭৭ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ সহায়তা পাওয়া গিয়েছিল ২০০৭-০৮ অর্থবছরে, ২০৬ কোটি ডলার। আর বিদায়ী অর্থবছরে তৃতীয় সর্বোচ্চ অর্থ পাওয়া গেছে। গত অর্থবছরে পরিশোধিত সুদ ও আসলের মধ্যে মূল টাকা পরিশোধ করা হয়েছে ৭৭ কোটি ডলার। বাকি ২০ কোটি ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। দাতারা ঋণ ও অনুদান—দুই ধরনের অর্থ দিয়ে থাকে। গত অর্থবছরের সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। এ সংস্থাটি বাংলাদেশকে গত অর্থবছরে মোট ৫৩ কোটি ডলার ঋণ দিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দিয়েছে ৪৮ কোটি ডলার। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) দিয়েছে ২৪ কোটি ডলার। এ ছাড়া চীন সাত কোটি ডলার, দক্ষিণ কোরিয়া পাঁচ কোটি ডলার, কুয়েত চার কোটি ডলার ও ইফাদ তিন কোটি ডলার ঋণ দিয়েছে।সবচেয়ে বেশি অনুদানও মিলেছে আইডিএ থেকে। গত অর্থবছরে আইডিএ মোট ১১ কোটি ২৩ লাখ ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি আট কোটি ডলার, ইউনিসেফ ছয় কোটি ডলার, জাতিসংঘ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সাত কোটি ডলার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ছয় কোটি ডলার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ৯৩ লাখ ডলার, জার্মানি চার কোটি ডলার অনুদান দিয়েছে।দাতারা উন্নয়ন প্রকল্পেই বেশি অর্থ দিয়ে থাকে। ২০১০-১১ অর্থবছরের শুরু থেকেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদেশি সহায়তা খরচের নাজুক পরিস্থিতি তৈরি হয়। বিদায়ী অর্থবছরের শেষেও অবস্থার উন্নতি হয়নি। বিদায়ী অর্থবছরের সংশোধিত এডিপি কাটছাঁটের সময় বিদেশি সহায়তার অর্থই বেশি কমানো হয়। বিদেশি সহায়তা নামিয়ে আনা হয় ১৫ হাজার কোটি টাকায়। আর মূল এডিপিতে দেশি-বিদেশি অর্থ মিলিয়ে মোট বরাদ্দ ৪১ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিদেশি সহায়তার মাত্র ৬০ শতাংশ বা নয় হাজার ৪২ কোটি টাকা খরচ হয়েছে।