টাম্পাকোর ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা-সংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহ থেকে তিন মাস অর্থ উত্তোলন সুবিধা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গতকালই দেশের সব ব্যাংকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রচণ্ড বিস্ফোরণের পর আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত হয় টাম্পাকোর দুটি ভবন। এতে মারা যান ৩৯ জন শ্রমিক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাম্পাকো ফয়েলস, টাম্পাকো ফয়েলসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনের নামে কোনো হিসাব পরিচালিত হলে হাইকোর্টের নির্দেশানুযায়ী আগামী তিন মাস কোনো অর্থ উত্তোলন সুবিধা প্রদান না করার জন্য বলা হচ্ছে। ব্যাংকগুলোর কাছে হাইকোর্টের আদেশের কপি পাঠিয়ে তা পরিপালন করার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।