টার্মিনাল নির্মাণ থেকে সরে এল বন্দর কর্তৃপক্ষ
প্রায় সাত বছর আগে পুরোনো জেটি ভেঙে একটি নতুন টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু করেছিল বন্দর কর্তৃপক্ষ। অপেক্ষা ছিল নিউমুরিং কনটেইনার টার্মিনাল পুরো চালু হলেই শুরু হবে এই টার্মিনাল নির্মাণের কাজ।
সে জন্য পৌনে চার কোটি টাকা ব্যয়ে বন্দরের জিসিবি এলাকায় বিশদ নকশার কাজ শেষ করে এনেছিল বুয়েটের বিআরটিসি। বিশ্বব্যাংকও টার্মিনাল নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই কার্যক্রম হাতে নিয়েছিল। তবে শেষ মুহূর্তে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল বা কেসিটি নির্মাণ পরিকল্পনা থেকে সরে এসেছে বন্দর।
বন্দরের নীতিনির্ধারকেরা মনে করছেন, পুরোনো জেটি ভেঙে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল (কেসিটি) নির্মাণের চেয়ে নতুন টার্মিনাল নির্মাণ করাই হবে যুক্তিযুক্ত। তাহলে পুরোনো জেটি আরও দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ থাকবে। কনটেইনার ওঠানো-নামানোর ক্রমবর্ধমান চাপও সহজে মোকাবিলা করা যাবে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, কেসিটি নির্মাণ করতে হলে পুরোনো জেটি ভেঙে ফেলতে হবে। এখন এই জেটিতে বছরে আট লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। নির্মাণকাজের সময় এই আট লাখ একক কনটেইনার ওঠানো-নামানোর চাপ সামলানো কঠিন।
জানা গেছে, কেসিটি নির্মাণের জন্য ভেঙে ফেলতে হতো বন্দরের ৬০ বছর বয়সী পুরোনো তিনটি জেটি। ১৯৫৪ সালে এসব জেটি নির্মাণ করা হয়েছিল সাধারণ পণ্য ওঠানো-নামানোর জন্য। তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এসব সাধারণ পণ্য ওঠানো-নামানোর জেটিতে ১৯৭৭ সাল থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম শুরু হয়।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১২ মে নৌপরিবহন মন্ত্রণালয়ে বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় কর্ণফুলী নদীর লালদিয়া এলাকায় প্রস্তাবিত লালদিয়া বাল্ক টার্মিনালের পরিবর্তে কনটেইনার টার্মিনাল নির্মাণ করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে বন্দরকে প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়। সে ক্ষেত্রে কেসিটি নির্মাণ না করার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্যও বলা হয়। বন্দর এখন কেসিটি নির্মাণ না করে লালদিয়া বাল্ক টার্মিনালকে কনটেইনার টার্মিনাল হিসেবে নির্মাণের প্রস্তাবনা তৈরি করছে।
বন্দরের সাবেক বোর্ড সদস্য হাদী হোসেন মনে করেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পুরোদমে চালু হওয়ার পর বিষয়টি নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ, বন্দরের এখন বড় দায়িত্ব নিউমুরিং টার্মিনাল চালু করা।
জানা গেছে, বন্দরে তিনটি টার্মিনালের ১০টি জেটিতে কনটেইনার এবং ছয়টি জেটিতে সাধারণ পণ্য ওঠানো-নামানো হয়। কনটেইনার ওঠানো-নামানোর ক্রমবর্ধমান চাপ মোকাবিলার জন্য কেসিটি নির্মাণে ২০০৭ সালের ১ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) পাঠায় বন্দর কর্তৃপক্ষ। সেই প্রস্তাবে তিনটি পুরোনো জেটি ভেঙে ৬০০ মিটার লম্বা নতুন জেটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এতে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৮২০ কোটি টাকা। ২০০৯ সালের ৬ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এ জন্য লিকুইডিটি সনদও ইস্যু করা হয়।