টিআইএন ব্যবহার মাশুল হোক ২৫০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহারকারীদের জন্য বার্ষিক ন্যূনতম ব্যবহার ফি বা মাশুল আড়াই হাজার টাকা ধার্যের সুপারিশ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। প্রতিষ্ঠানটি বলেছে, দেশে এমন অনেক ব্যক্তি আছেন, যাঁরা টিআইএন সনদ গ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রয়োজনে তা ব্যবহার করছেন। কিন্তু ওই সব ব্যক্তির করযোগ্য আয় না থাকায় আয়কর বিররণী দাখিল করেন না। তাঁদের কাছ থেকে বছরে আড়াই হাজার টাকা হারে ফি নেওয়া হলে প্রতিবছর আনুমানিক ৩৭৫ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হবে।গতকাল সোমবার ‘প্রাক-বাজেট: ২০১১-১২’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আইসিএবি এ প্রস্তাব করে। আসন্ন বাজেটে বিবেচনার জন্য আইসিএবির পক্ষ থেকে বিবেচনার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ করের ওপর ৪৭টি সুপারিশ করা হয়।রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন আইসিএবির সভাপতি পারভীন মাহমুদ। অনুষ্ঠানে আইসিএবির সহসভাপতি মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এ কে চৌধুরী, মো. জয়নাল আবেদীন, আব্বাসউদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। পারভীন মাহমুদ বলেন, ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা এবং মহিলা ও ৬৫ বছরের বেশি বয়স্ক নাগরিকদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ২৫ হাজার টাকায় নির্ধারণ করা উচিত। এ ছাড়া ন্যূনতম আয়করের পরিমাণ দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা নির্ধারণ এবং বেতন খাতে আয়ের ক্ষেত্রে করমুক্ত আনুতোষিকের (বাসা ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা) পরিমাণ আড়াই লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করার প্রস্তাব করেন তিনি। আইসিএবি কর অবকাশসুবিধা আরও পাঁচ বছর বাড়ানোর এবং তথ্য ও প্রযুক্তি শিল্পের প্রসার লাভের জন্য আইটি খাতকে করমুক্ত ব্যবসার পরিধিতে আইটি পরামর্শ, আইটি প্রশিক্ষণ ও উন্ন্নয়ন, ওয়েব ডেভেলপসহ আরও আইটি খাতকে অন্তুর্ভুক্ত করার প্রস্তাব করেছে। আইসিএবির সভাপতি কোম্পানির বিদ্যমান প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর হ্রাসের সুপারিশ করেন। বর্তমানে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল কোম্পানি ব্যতীত অন্যান্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করলে ১০ শতাংশ হারে কর রেয়াত পাওয়ার বিধান রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বৈষম্য দূর করার লক্ষ্যে সব তালিকাভুক্ত কোম্পানির জন্য একই বিধান করার আহ্বান জানান তিনি। আইসিএবি দেশীয় শিল্পকে প্রতিযোগী করে তুলতে মৌলিক কাঁচামালের আমদানি শুল্কহার ও যন্ত্রপাতির আমদানি শুল্ক এক শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে। এনজিওগুলোর বিবরণী দাখিল বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক তহবিল ছাড়করণ বা সনদ নবায়নের সময় হালনাগাদ আয়কর সনদ দাখিল বাধ্যতামূলক হলে সরকারের রাজস্ব বাড়বে বলেও মনে করে আইসিএবি।