টিএফএ কার্যকর হলে ব্যবসার খরচ কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য সহজীকরণ চুক্তি বা টিএফএ বাস্তবায়িত হলে ব্যবসায়ের খরচ কমবে। ফলে উন্নয়নশীল অর্থনীতি ও স্বল্পোন্নত দেশগুলোই (এলডিসি) সর্বাগ্রে সুবিধা লাভ করবে।
আর বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে টিএফএর প্রতি র্যা টিফিকেশন বা অনুসমর্থন নিশ্চিত করতে হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বা আইসিসি বাংলাদেশের ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদনের সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে।
আইসিসি বাংলাদেশ বলেছে, অর্থনীতিবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান প্রেস্টন ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী টিএফএ কার্যকর হলে বিশ্ব বাণিজ্য প্রতিবছর এক লাখ কোটি মার্কিন ডলার বাড়বে। অন্যদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সংস্থা ওইসিডির হিসাবমতে, টিএফএ বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য খরচ কমবে, রপ্তানি বাড়বে এবং নতুন বাজারে প্রবেশ ঘটবে।
টিএফএ কার্যকর করতে ডব্লিউটিওর ন্যূনতম দুই-তৃতীয়াংশ সদস্যের র্যা টিফিকেশন বা অনুসমর্থন প্রয়োজন, যা এখন পর্যন্ত ৭২টি দেশ করেছে।
আইসিসি বাংলাদেশের বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্যের সরবরাহ সহজ করতে ও ব্যবসার খরচ কমাতে শিগগির টিএফএ অনুসমর্থনের চিন্তাভাবনা করছে। এই চুক্তির একটি বড় প্রতিশ্রুতি হচ্ছে, বিশ্বব্যাপী কাগজবিহীন ব্যবসায়ের সূচনা ও খরচ ১০-১৫ শতাংশ কমানো।
সংগঠনটি আরও বলেছে, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোতে কাস্টমস পয়েন্টে আমলাতান্ত্রিক হয়রানি এড়াতে আমদানি ও রপ্তানিকারকদের অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। সেই সঙ্গে পণ্য পরিবহন ও ডকুমেন্ট বা কাগজপত্র প্রক্রিয়াকরণে খরচও বেশি পড়ে। ফলে ব্যবসায়ের ব্যয় বেড়ে যায়।