টিএসপি কমপ্লেক্সে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে বকেয়া রয়েছে গত তিন বছরের ভর্তুকির ১২২ কোটি টাকা। বিক্রির অনুমতি না পাওয়ায় আরও ২৫ কোটি টাকার এসএসপি সার গুদামে ও খোলা আকাশের নিচে পড়ে আছে দুই বছর ধরে।অথচ অর্থের অভাবে কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে সরকারি সার কারখানা টিএসপি কমপ্লেক্সে। সরকারের মালিকানায় এটি দেশের একমাত্র ফসফেট সার তৈরির কারখানা।কারখানা সূত্র জানায়, আগামী বছরের জন্য সরকার এ কারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে এক লাখ ২০ হাজার টন। তবে বকেয়া অর্থ ছাড় না করলে লক্ষ্যমাত্রা তো দূরের কথা, জুলাই মাসের পর কারখানায় উৎপাদনই বন্ধ করে দিতে হবে। কেননা, গত ফেব্রুয়ারি থেকে কারখানার কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে টিএসপি সারের চাহিদা বছরে পাঁচ লাখ টন। এর মধ্যে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্সে এক লাখ ২০ হাজার টন উৎপাদন সম্ভব। বাকি সার বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে টিএসপি সারের সব কাঁচামালই বিদেশ থেকে আমদানি করতে হয়।জানা গেছে, ভর্তুকির বকেয়া অর্থের জন্য সরকারের তিন মন্ত্রণালয়ের টানাপোড়েনে পড়েছে টিএসপি কমপ্লেক্স। সার উৎপাদনের চাহিদা নির্ধারণ করে দেয় কৃষি মন্ত্রণালয়। প্রশাসন চালায় শিল্প মন্ত্রণালয়। আর ভর্তুকির অর্থ ছাড় করে অর্থ মন্ত্রণালয়। সময়মতো ভর্তুকির টাকা না পাওয়ার জন্য এ তিন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন টিএসপি কমপ্লেক্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি এম কামাল উদ্দিন।টিএসপি কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৮-০৯ অর্থবছরের আগে পর্যন্ত চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। ওই বছর থেকে সরকার সস্তায় কৃষককে সার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য দেশে উৎপাদিত ও আমদানি করা সারের ওপর ভর্তুকি দেয়। টিএসপি কমপ্লেক্সের সারেও ভর্তুকি দেওয়া হয়। গত তিন বছরে সরকারের কাছে টিএসপি কমপ্লেক্সের ভর্তুকির টাকা জমে ১৩৭ কোটি টাকা। সরকার তা থেকে দুই দফায় মাত্র ৩০ কোটি টাকা পরিশোধ করে।অথচ এই সময়ে সরকার বেসরকারি আমদানিকারকদের ভর্তুকি হিসেবে এক হাজার ২১৬ কোটি টাকা এবং বিএডিসিকে এক হাজার ৬৩৪ কোটি টাকা পরিশোধ করেছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, সরকার আমাদের ভর্তুকির টাকা পরিশোধ করুক। এতে অন্তত প্রতিষ্ঠানটি বেঁচে থাকবে। এখন আমরা পণ্য বিক্রি করলে যে টাকা সরকারের হাতে চলে যাচ্ছে, তা ফেরত পাচ্ছি না।’ টাকা না পেলে আগামী অর্থবছরে সার উৎপাদনও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।টিএসপি কমপ্লেক্সে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৬৪৩ জন। কারখানা বন্ধ হলে এখানে শ্রম-অসন্তোষেরও সৃষ্টি হতে পারে। সিবিএ সভাপতি এম কামাল উদ্দিন বলেন, সরকারের কাছ থেকে সময়মতো অর্থ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির ৪২ কোটি টাকা লাভ হতো। এতে শ্রমিকেরা ২৫ হাজার টাকা করে মুনাফার অংশ পেতেন। তিনি বলেন, ‘হয় সরকার টিএসপি কমপ্লেক্সের ভর্তুকির অর্থ পরিশোধ করুক, অথবা বিএডিসির মাধ্যমে স্থানীয় মুদ্রায় আমাদের সার কিনে নিক। এতে আমাদের আর ভর্তুকির জন্য সরকারের দিকে চেয়ে থাকতে হবে না।জানা যায়, বর্তমানে টিএসপি কমপ্লেক্সে প্রতি মেট্রিক টন সারের উৎপাদন-ব্যয় প্রায় ৩৪ হাজার টাকা। অন্যদিকে বিএডিসি প্রতি মেট্রিক টন টিএসপি সার আমদানি করে ৫১ হাজার টাকায়। বেসরকারি পর্যায়ে আমদানির খরচ দেখানো হয় টনপ্রতি ৪৯ হাজার টাকা। এ সারের সরকার-নির্ধারিত বাজারমূল্য ২০ হাজার টাকা। ফলে সরকারকে টনপ্রতি টিএসপি কমপ্লেক্সকে ভর্তুকি দিতে হয় প্রায় ১৪ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি টন সারে বিএডিসিকে ৩১ হাজার টাকা এবং বেসরকারি আমদানিকারকদের ২৯ হাজার টাকা ভর্তুকি দেয়।টিএসপি কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারের কাছ থেকে বকেয়া অর্থ না পেয়ে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যাংক থেকে ৮১ কোটি টাকা ঋণ নিয়ে কাঁচামাল আমদানি করে সারের উৎপাদন অব্যাহত রেখেছে। তবে আগের ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংকও নতুন করে ঋণ দিচ্ছে না। আবার সরকার ঋণের সুদও পরিশোধ করে না। টিএসপি কমপ্লেক্সকেই তা পরিশোধ করতে হয়।