টিকতে পারছে না খুলনার শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পনগর খ্যাত খুলনার শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছে। এরই মধ্যে প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধও হয়ে গেছে অনেক শিল্প। আর যেসব শিল্প এখনো টিকে আছে, সেগুলো ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে।
সরেজমিনে একাধিক শিল্পমালিক, ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর পিছিয়ে পড়ার জন্য গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা।
১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত গাফফার এডিবল অয়েল বেশ দাপটের সঙ্গে এ অঞ্চলে ব্যবসা করেছে। কিন্তু সেটির যন্ত্রপাতিতে এখন মরিচার দাগ লেগেছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে ২০০৩ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
প্রতিষ্ঠানটির কর্ণধার আরিফ গাফফার বলেন, যত দিন জ্বালানি তেলের মূল্য কম ছিল, তত দিন প্রতিষ্ঠানটি বেশ লাভজনকভাবেই চলছিল। তিনি বলেন, ‘১৯৯১ সালে ১৬-১৭ কোটি টাকা ব্যয়ে মিলটি প্রতিষ্ঠা করা হয়। নিজের অর্থ ও ব্যাংকঋণ মিলিয়ে ওই বিনিয়োগ করি। জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো ফার্নেস অয়েল। ১৯৯১ সালে যখন মিলটি চালু হয়, তখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল আট টাকা। আর যখন বন্ধ করা হয়, তখন দাম বেড়ে দাঁড়ায় ৪৫ টাকায়। জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণেই আমাদের প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় সক্ষমতা হারায়। পাশাপাশি ব্যাংক ঋণের বোঝাও বাড়তে থাকে।’
আরিফ গাফফার আরও বলেন, দক্ষিণাঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠা করতে হলে গ্যাসের পরিবর্তে ফার্নেস অয়েল ব্যবহারের কোনো বিকল্প নেই। কিন্তু বাজারের অন্যান্য যাঁরা প্রতিযোগী রয়েছেন, তাঁদের বেশির ভাগই গ্যাস সুবিধাপ্রাপ্ত। ফলে এ অঞ্চলের শিল্পের উৎপাদন খরচ অনেক বেশি।
এ ছাড়া খুলনা অঞ্চলের আরেক বড় শিল্পপ্রতিষ্ঠান তালুকদার প্লাস্টিকের উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে একাধিক শিল্পোদ্যোক্তা জানান। বারবার চেষ্টা করেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ অঞ্চলের আরেক প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান হ্যামকো গ্রুপ। প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাটারি, প্লাস্টিকের গৃহসামগ্রীসহ একাধিক ব্যবসা। প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় না। তাই নিজেদের উদ্যোগে বিদ্যুতের সংস্থান করতে হয়। গ্যাসের বিকল্প হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার করে এই বিদ্যুৎ উৎপাদন করতে হয়।’
আবদুল্লাহ আল মাহমুদ জানান, যেখানে প্রতিযোগী অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান গ্যাসের সুবিধা পেয়ে থাকে, তাদের প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে এক টাকার কম। সেখানে ফার্নেস অয়েল ব্যবহার করে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে তাদের খরচ হয় সাড়ে সাত টাকা। পণ্যের উৎপাদন খরচের সঙ্গে বাড়তি এই ব্যয় যোগ হয়। এর ফলে দেখা যায়, তাদের পণ্যের উৎপাদন খরচ প্রতিযোগী অনেক প্রতিষ্ঠানের চেয়ে বেশি। এই অবস্থায় টিকে থাকতে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।
গ্যাস, বিদ্যুৎ-সংকটের পাশাপাশি অনুন্নত যোগাযোগব্যবস্থাকেও প্রতিযোগিতার প্রতিবন্ধকতা বলে চিহ্নিত করেছেন খুলনার শিল্পোদ্যোক্তারা। তাই পদ্মা সেতু এই অঞ্চলের শিল্পোদ্যোক্তাদের কাছে ছিল অনেক বড় স্বপ্নের পাওয়া। কিন্তু সেটি না হওয়ায় তাঁদের স্বপ্ন ভঙ্গ হয়েছে।
খুলনা সদর আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, পদ্মা সেতু ও গ্যাসের চাহিদা পূরণ হলে এই অঞ্চল আবারও শিল্পনগরে রূপ নেবে। কারণ, ঢাকার সঙ্গে খুলনার যাতায়াতের সময় কমে দাঁড়াবে দু-তিন ঘণ্টায়। যোগাযোগের এই সুবিধার পাশাপাশি মংলা বন্দর ও এ অঞ্চলের কম মূল্যের জমি কেনার সুবিধা নিয়ে অনেক শিল্পপ্রতিষ্ঠানই বিনিয়োগে এগিয়ে আসবে।
এত প্রতিকূলতার মধ্যেও কীভাবে ব্যবসায় টিকে আছেন জানতে চাইলে হ্যামকো গ্রুপের পরিচালক বলেন, তাঁদের শিল্পে স্থানীয় শ্রমিকেরা কাজ করেন। তাঁদের বেতন-ভাতা ঢাকা, চট্টগ্রাম অঞ্চলের চেয়ে কিছুটা কম। যেহেতু শ্রমিকেরা নিজের বাড়িতে থেকে কাজ করার সুযোগ পান, তাই বেতন কিছুটা কম হলেও তা তাঁদের জন্য বড় কোনো সমস্যা হয় না। পাশাপাশি পণ্য বাজারজাতের ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের চেয়ে দক্ষিণ ও উত্তরাঞ্চলকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। এ ছাড়া শিল্পের জন্য যে জমি ব্যবহার করা হয়, তার দামও ঢাকা ও চট্টগ্রামের জমির দামের চেয়ে অনেক কম।
কৌশলগত ব্যবসায়িক এই পরিকল্পনা এখনো খুলনা অঞ্চলের শিল্পগুলোকে টিকিয়ে রেখেছে বলে মত দেন একাধিক শিল্পোদ্যোক্তা।
খুলনা চেম্বারের সাবেক সভাপতি শাহরুজ্জামান মর্তুজা এ প্রতিবেদককে বলেন, গ্যাস ও পদ্মা সেতু এই দুটি সুবিধা পেলে এই অঞ্চলের শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আসবে।