টিকতে পারছে না দেশীয় জাহাজ নির্মাণ শিল্প

সম্প্রতি জাহাজ নির্মাণের চারটি পৃথক আন্তর্জাতিক দরপত্রে অংশ নেয় চট্টগ্রামভিত্তিক এফএমসি শিল্প গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এফএমসি ডকইয়ার্ড আমিরাত শিপ বিল্ডিং এলএলসি’। মধ্যপ্রাচ্যের দুটি ও ইউরোপের দুটি দেশের জন্য মোট নয়টি উচ্চপ্রযুক্তির ও বিশেষায়িত জাহাজ নির্মাণের জন্য এসব দরপত্র আহ্বান করা হয়। নয়টি জাহাজের প্রাক্কলিত দর প্রায় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা)। বাংলাদেশ, ভারত, চীনসহ চারটি দেশের পাঁচটি প্রতিষ্ঠান এসব দরপত্রে অংশ নেয়। প্রাক্কলিত দরের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়েছে চীনের একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান।
এভাবেই বৈশ্বিক প্রতিযোগিতায় চীনের সঙ্গে টিকে থাকতে পারছে না বাংলাদেশ। আবার এফএমসি গ্রুপ আমিরাতের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক দরপত্রে অংশ নিতে পারলেও দেশের বেশির ভাগ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের সে আর্থিক সক্ষমতা নেই। ফলে আন্তর্জাতিক কোনো দরপত্রে সরাসরি অংশ নেওয়ার সুযোগও কমে যাচ্ছে।
এফএমসি গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াছিন চৌধুরী প্রথম আলোকে বলেন, চীনে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো মাত্র ৪ শতাংশ সুদে সে দেশের ব্যাংকঋণ পায়। জাহাজ নির্মাণের অন্যতম কাঁচামাল ইস্পাতের তৈরি পাত নিজ দেশের প্রতিষ্ঠান থেকে কেনার ক্ষেত্রে বাজারমূল্যের চেয়ে ১৫ শতাংশ ভর্তুকি পায় চীনের প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া জাহাজ রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ প্রণোদনা দেয় দেশটির সরকার। অথচ বাংলাদেশে সুদের হার ৯ থেকে ১১ শতাংশ। রপ্তানিমূল্যে প্রণোদনা ১০ শতাংশ। কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেলেও চীনের মতো ভর্তুকি নেই। ফলে শ্রমিকের মজুরি কম হলেও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো।
দেশীয় উদ্যোক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের জাহাজ নির্মাণ শিল্পকে বাঁচাতে প্রণোদনা দিচ্ছে। যেমন, ভারত সরকার ২০১৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সাল পর্যন্ত জাহাজের রপ্তানি মূল্যের ওপর ২০ শতাংশ হারে নগদ সহায়তা অনুমোদন করেছে। অথচ রপ্তানি আদেশ কমে যাওয়ায় দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান গত তিন বছরে জনবল ছাঁটাই করেছে।
বিশ্বে জাহাজ নির্মাণশিল্পে মন্দার মূল প্রভাব ২০১১ সাল থেকে শুরু হয় বলে জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এ শিল্পে মন্দা এখনো চলছে। তবে সামনে আশার আলোও আছে। দেশে পদ্মা সেতুসহ অনেকগুলো বড় অবকাঠামো নির্মিত হচ্ছে। এসব প্রকল্পে জাহাজ নির্মাণ শিল্পের জন্য ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার কাজ রয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক বাজার ধরতে হলে এখনই প্রতিবেশী দেশগুলোর মতো সরকারিভাবে এ শিল্পকে সহায়তা করা উচিত বলে মনে করেন তিনি।
রপ্তানিমুখী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের (এইওএসআইবি) তথ্যানুযায়ী, বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণশিল্পে অবকাঠামোগত বিনিয়োগের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। আর জাহাজ নির্মাণের কার্যাদেশের বিপরীতে নেওয়া ঋণের পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা। কিন্তু এখন ঋণ অনিয়মিত হওয়ায় বা বিনিয়োগের অর্থ তুলে আনতে না পারায় ব্যাংকগুলোও নতুন করে জাহাজ নির্মাণ খাতে উৎসাহী হচ্ছে না।
শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, জাহাজ নির্মাণ শিল্প যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। রপ্তানি সংশ্লিষ্ট জাহাজ নির্মাণকারীদের সংগঠনটি এই খাতে সরকারের সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে। প্রয়োজনে এ প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এইওএসআইবির তথ্যানুযায়ী দেশে রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে ১০টি। ২০০৮ সালে জার্মানির স্টেলা শিপিং কোম্পানির কাছে প্রথম ‘এমভি স্টেলা ম্যারিস’ নামের সমুদ্রগামী বহুমুখী পণ্য পরিবহনের উপযোগী জাহাজ রপ্তানি করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। এরপর জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দেশীয় প্রতিষ্ঠানগুলো ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১৫০ মিলিয়ন ডলারের ২৫টি জাহাজ রপ্তানি করেছে। এর বাইরে বর্তমানে ১৩ কোটি ৭৫ লাখ ডলারের পাঁচটি কার্যাদেশের বিপরীতে ২১টি ছোট আকারের জাহাজ ও সাহায্যকারী জলযান নির্মাণের কাজ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট’-এর ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ২০০৮-০৯ সালের তুলনায় ২০১৫-১৬ সালে ধরনভেদে ৪৬ থেকে ৮২ শতাংশ পর্যন্ত জাহাজের নির্মাণ আদেশ কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বে জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষস্থানটি ছিল চীনের। দ্বিতীয় অবস্থান দক্ষিণ কোরিয়ার, তৃতীয় জাপান। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম। প্রতিবেশী ভারতের অবস্থান ২০তম।
এইওএসআইবির সাধারণ সম্পাদক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, জাহাজ নির্মাণশিল্পে যাঁরা অবকাঠামোগত বিনিয়োগ করেছেন, তাঁরা সবাই এখন সমস্যায় রয়েছেন। সরকার ভর্তুকি না দিলে টিকে থাকা কঠিন হবে। বিশেষ করে অবকাঠামোগত বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকঋণের সুদের হার ৪ শতাংশে নামিয়ে আনা হলে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।