বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ব্যাপারে জটিলতা এখনো কাটেনি। উভয় দেশেরই সম্মতি রয়েছে টিকফা স্বাক্ষরের বিষয়ে। যুক্তরাষ্ট্রের দিক থেকে বরং তাগিদই রয়েছে। কিন্তু বাংলাদেশ চলছে সাবধানে এবং ধীরে চলো নীতিতে। সচিবালয়ে গতকাল বুধবার টিকফার ওপর অনুষ্ঠিত বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কথা বলার সময় আসেনি। কয়েক দিন পর জানা যাবে। টিকফার খসড়া মন্ত্রিপরিষদে উপস্থাপিত হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, এটি মন্ত্রিপরিষদে যাওয়ার প্রয়োজন নেই। টিকফার প্রসঙ্গ এড়িয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমার একটাই বলার আছে। দৈনিক যুগান্তর পড়েছেন?’ প্রশ্ন করে এর জবাবও দেন তিনি নিজে। বলেন, ‘এটা একদমই আবর্জনার মতো।’ তবে কোন দিনের যুগান্তর বা কোন প্রতিবেদন, তা উল্লেখ করেননি অর্থমন্ত্রী। বৈঠক সূত্র জানায়, টিকফার ব্যাপারে মোটা দাগে সব জটিলতাই কেটে গেছে। বহুবার কাটছাঁটের পর সম্প্রতি আরেক দফা চূড়ান্ত করা হয়েছে এর খসড়া। এই টিকফারই আগের নাম হলো বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিফা)। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ২০০২ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে টিফা করার আগ্রহ প্রকাশ করে। ২০০৩ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে প্রথম আলোচনা শুরু হয়। ২০০৫ সালের মাঝামাঝি তৈরি করা হয় টিফার খসড়া। এই খসড়ার কয়েকটি ধারা, যেমন—দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ বাধ্যতামূলকভাবে সম্পৃক্ত করা, মেধাস্বত্ব আইন মেনে চলা, পরিবেশ ও শ্রমের মানসংক্রান্ত বিষয়ে উভয় দেশের মতপার্থক্য দেখা দেয়। ফলে ঝুলে যায় বিষয়টি। এরপর গত তত্ত্বাবধায়ক সরকারের সময় টিফা প্রসঙ্গটি আবারও গুরুত্ব পায়। কিন্তু নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে—ওই বিবেচনায় তখন আর তা নিয়ে অগ্রসর হয়নি।বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘শ্রমমান বিষয়ে এখনো জটিলতা কাটেনি। বিশেষ করে তৈরি পোশাক কারখানায় এখনই শিশুশ্রমিক না থাকা ও শতভাগ মানসম্পন্ন কারখানা প্রতিষ্ঠা করার বাস্তবতা নেই।’ তিনি আরও বলেন, ‘১০ বছর ধরে যে সিদ্ধান্ত নেওয়া যায়নি, সে ব্যাপারে হিসাব-কিতাব করেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। এতে অবশ্যই দেশের স্বার্থের কথা আগে বিবেচনা করা হবে।’ বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টিফা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। ২০১০ সালের শুরুর দিকে আবারও একটি খসড়া তৈরি করা হয় এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়। দক্ষিণ এশীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলানি বাংলাদেশ সফর করেন ২০১১ সালের শুরুর দিকে। তখন থেকেই টিফার নাম বদলে টিকফা করা হয়।