টিকফা স্বাক্ষরের ব্যবস্থা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষরের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিকফা সই হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য স্বার্থ সম্পর্কিত বিষয়ে আলোচনার জায়গা তৈরি হবে। দেশটি কর্তৃক বাংলাদেশের জন্য ইতিমধ্যে স্থগিত হওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) পুনর্বিবেচনারও সুযোগ তৈরি হবে। টিকফা স্বাক্ষরের যৌক্তিকতা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গত বৃহস্পতিবার একটি চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে। ওই চিঠিতে এসব কথা বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সরকারি-বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় শ্রম অধিকার বাস্তবায়ন, কর্মপরিবেশের উন্নতি ও কাঠামোগত নিরাপত্তা বিষয়ে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব বিষয়ে এরই মধ্যে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের দেওয়া ‘বাংলাদেশ অ্যাকশন প্ল্যান’-এর সঙ্গে সংগতিপূর্ণ।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেহেতু কোনো প্ল্যাটফরম নেই, তাই শ্রমমান, শ্রম অধিকার বিষয়ে বাংলাদেশের চলমান কার্যক্রম, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও কোনো আলোচনা করা যাচ্ছে না বলে উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের এক সার-সংক্ষেপে বলা হয়েছে, এ যাবৎ ৪১টি দেশ ও ছয়টি আঞ্চলিক জোটের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৮টি চুক্তিতে ঘুষ-দুর্নীতি, ৪২টিতে মেধাস্বত্ব সংরক্ষণ, ৪৬টিতে শ্রম অধিকার সংরক্ষণ এবং ১৬টিতে পরিবেশ সংরক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, টিকফা সই হলে বাংলাদেশের স্বার্থ খোয়ানোর যে কিছু নেই, তা খসড়াটা পড়লেই বোঝা যায়। অনেকে না জেনেই এর বিরোধিতা করছেন বলে তিনি মনে করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জিএসপি স্থগিত করে গত ২৭ জুন। আর ১৭ জুলাই মন্ত্রিসভায় টিকফা স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়। তার আগে টিকফার বাংলা ও ইংরেজি খসড়ার ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) করে আইন মন্ত্রণালয়।