টিকফার প্রথম বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠকটি হবে আগামীকাল সোমবার।
ঢাকায় অনুষ্ঠেয় এ বৈঠকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
গত ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত নয়টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টিকফা স্বাক্ষরিত হয়। চুক্তি বাস্তবায়নে এরই মধ্যে একটি ফোরাম গঠন করা হয়েছে। এ ফোরাম নিয়মিতভাবে বছরে কমপক্ষে একবার বৈঠক করবে।
প্রথম বৈঠকে বাংলাদেশের দিক থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার এবং গত বছরের ২৭ জুন দেশটি কর্তৃক বাতিল হওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে জোরালো দাবি জানানো হবে বলে জানা গেছে।
এ ছাড়া সফররত ইউএসটিআরের প্রতিনিধিরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তাঁর কার্যালয়ে সকালে বৈঠক করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।