টিকফার বৈঠক পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠকটি হবে আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে।
ঢাকায় অনুষ্ঠেয় এ বৈঠকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে গতকাল রোববার এ তথ্য জানা গেছে।
গত ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত নয়টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টিকফা স্বাক্ষরিত হয়। চুক্তি বাস্তবায়নে এরই মধ্যে একটি ফোরাম গঠন করা হয়েছে। এ ফোরাম নিয়মিতভাবে বছরে কমপক্ষে একবার বৈঠক করবে।
সূত্র জানায়, প্রথম বৈঠক আগামী ৭-৮ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক ২ এপ্রিল রাষ্ট্রীয় কাজে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন। তাঁর ফেরার কথা ১১ এপ্রিল।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদেরও ওই সময় দেশে না থাকার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ইউএসটিআরের সঙ্গে কয়েক দফা ই-মেইলে যোগাযোগ করে বাণিজ্য মন্ত্রণালয় বুঝতে পেরেছে, যুক্তরাষ্ট্র নিজেও কিছুটা ব্যস্ত থাকবে এপ্রিলের প্রথম সপ্তাহে। অর্থাৎ, তাদেরও চাওয়া ছিল প্রথম বৈঠকের তারিখ কিছুটা পেছাক।
ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২৭-২৮ এপ্রিলের কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল ইউএসটিআরকে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে বাণিজ্যসচিব গতকাল বৈঠকের আগের তারিখ পেছানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের দিক থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার এবং গত বছরের ২৭ জুন দেশটি কর্তৃক বাতিল হওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে জোরালো দাবি জানানো হবে।
যুক্তরাষ্ট্রের দিক থেকে থাকবে জিএসপি ফিরে পাওয়ার জন্য বাংলাদেশকে বেঁধে দেওয়া ১৬টি শর্তের অগ্রগতি এবং বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের নানা দিক নিয়ে আলোচনা।