এ সপ্তাহের সাক্ষাৎকার: যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পাওয়া ও টিকফাসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক মোস্তফা আবিদ খান
টিকফায় বাংলাদেশ কোনো আগাম প্রতিশ্রুতি দেয়নি

প্রথম আলো: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির এক শতাংশও জিএসপি সুবিধা পায় না। তাহলে জিএসপি স্থগিত করার প্রভাব ও প্রতিক্রিয়া আসলে কতটুকু?
মোস্তফা আবিদ খান: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকসহ ৯৯ শতাংশ পণ্যই জিএসপি বা যেকোনো ধরনের বাজার সুবিধাবঞ্চিত। তাই গড়ে সাড়ে ১৫ শতাংশ হারে শুল্ক দিয়ে এসব পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হয়। অন্যভাবে বললে, মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা উচ্চ শুল্কের কারণে বেশি দামে বাংলাদেশি পণ্য ক্রয় করে থাকে। আর যে সামান্য কিছু পণ্য এত দিন জিএসপির আওতায় শুল্কছাড় বা শুল্কমুক্ত সুবিধা পেত গত ১ সেপ্টেম্বর থেকে তা স্থগিত রয়েছে। তবে জিএসপি স্থগিতের প্রভাবটা সার্বিক রপ্তানিতে সেভাবে প্রতিফলিত হবে না। এতে শুধু সংশ্লিষ্ট পণ্যগুলোর রপ্তানি ব্যয়বহুল হয়ে পড়েছে। এ ক্ষেত্রে বাজার ধরে রাখতে রপ্তানিকারকদের হয় দামদর কমিয়ে দিতে হচ্ছে, না হয় রপ্তানি কমিয়ে দিতে হচ্ছে। কেননা, জিএসপি না থাকায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক দিতে হয়। তবে জিএসপি স্থগিত করার প্রভাবটা সুদূরপ্রসারী। প্রথমত, এটা বাংলাদেশের ভাবমূর্তি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করছে। দ্বিতীয়ত, অন্য প্রধান প্রধান আমদানিকারক দেশ বিশেষত কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এতে কিছুটা নড়েচড়ে বসতে পারে। বিষয়টি এমন নয় যে তারাও তাদের বাজারে দেওয়া শুল্কমুক্ত সুবিধা স্থগিত করবে বা কমিয়ে দেবে। কিন্তু বাংলাদেশের পণ্য আমদানির বিষয়ে তারা হয়তো অধিক সতর্ক হবে, অধিক নজরদারি করবে। তাতে রপ্তানির গতিময়তা একটু বাধাগ্রস্ত হতে পারে।
প্রথম আলো: মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন যে জিএসপি ফিরে পেতে আরও অনেক কিছু করতে হবে। আমরা কি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা অনুসারে যথেষ্ট অগ্রগতি করিনি?
মোস্তফা আবিদ: বাংলাদেশ তো ইতিমধ্যে সকল বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এখানে মনে রাখতে হবে যে কর্মপরিকল্পনা কিছু কাজ দীর্ঘমেয়াদি ও সময়সাপেক্ষ। আজকে বলে কালকেই করে ফেলা সম্ভব নয়। অনেকেই এ জন্য সরকারকে দোষারোপ করে। এটা ঠিক নয়। বরং দেখা উচিত যে বিভিন্ন কাজের প্রক্রিয়াগুলো শুরু হয়েছে কি না, শুরু হওয়ার পর তা অগ্রসর হচ্ছে কি না। যেমন ধরা যাক, কারখানায় ২০০ পরিদর্শক নিয়োগ দেওয়া। সরকারকে তো বিধি-বিধানের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। যদি তড়িঘড়ি করে এডহকভিত্তিতে নিয়োগ দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তী সময়ে আরেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। কাজেই পুরো প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন করতে হবে যেন তা অর্থবহ ও টেকসই হয়। এই যে বিদেশি ক্রেতারা জোট গঠন করেছে বিভিন্ন কারখানা পরিদর্শনের জন্য, তাতে কিন্তু তারা পাঁচ বছর সময়সীমা নির্ধারণ করেছে। তাই আমি মনে করি, সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, তা ইতিবাচক। গুরুত্বপূর্ণ হলো শুরু করার পর তা সম্পন্ন করা।
প্রথম আলো: এপ্রিল মাসে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তির (টিকফা) আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেই
বৈঠকে কি জিএসপি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা সম্ভব হবে?
মোস্তফা আবিদ: টিকফার আওতায় বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত যেকোনো বিষয়ই আলোচনা করার সুযোগ আছে। তাই জিএসপি নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আসলে দুই দেশ যেন একত্রে বসে এসব বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে পারে, তা নিশ্চিত করতেই টিকফা করা হয়েছে। অনেকেই টিকফা নিয়ে নানা সংশয় প্রকাশ করছেন, নানা আশঙ্কা প্রকাশ করছেন। আমি মনে করি, অতটা শঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা, টিকফায় বাংলাদেশ কোনো বিষয়ে কোনো কিছু করে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রও দেয়নি। বরং কোনো কিছু করার জন্য আগে যে আলোচনা প্রয়োজন, সেটা নিশ্চিত করা হয়েছে। সামনা-সামনি বসে আলোচনা করলে অনেক কিছু সমাধান সহজতর হয়।
প্রথম আলো: টিকফার আওতায় যুক্তরাষ্ট্র তো বাংলাদেশকে শ্রমিক পরিস্থিতি ও শ্রম অধিকার কিংবা মেধাস্বত্ব আইনের কড়াকড়ি আরোপের জন্য চাপ দিতে পারে। বাংলাদেশ কী সেই চাপ মোকাবিলা করতে সক্ষম?
মোস্তফা আবিদ: এত দিন যখন টিকফা ছিল না, তখনো কি যুক্তরাষ্ট্র কোনো চাপ দেয়নি? আর শ্রমিকের কাজের পরিবেশের উন্নতি করা কিংবা শ্রমিকের অধিকার নিশ্চিত করার দায়িত্ব কি আমাদের নেই? এটা তো বহু পুরোনো কথা যে শ্রমিক অধিকার রক্ষা করার কাজ তো আমাদের নিজেদের স্বার্থে, শিল্পের স্বার্থেই করা উচিত। রানা প্লাজা ধসে এক হাজারের বেশি শ্রমিকের প্রাণহানি বা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির মতো বেদনাদায়ক ঘটনা আমাদের নিজেদেরই ব্যর্থতা, আমাদেরই গ্লানি। আমরা কেউই নিশ্চয়ই আর এ রকম ঘটনার পুনরাবৃত্তি চাই না। সে জন্যই কারখানার কর্মপরিবেশ উন্নত করা, শ্রমিক অধিকার নিশ্চিত করা, শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়ার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এটা সরকারের যেমন দায়িত্ব, তেমনি দায়িত্ব তৈরি পোশাকশিল্প মালিকদের। আর আমরা কি এটা বলতে পারব যে নিজেদের শ্রম আইন আমরা যথাযথভাবে পরিপালন করব না। টিকফায় তো শ্রম আইন যথাযথভাবে পরিপালনের কথা বলা হয়েছে। একইভাবে মেধাস্বত্ব প্রসঙ্গে বলা হয়েছে যে যেসব আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেগুলো অনুসরণ করব। যদি সেটা অনুসরণ না করি, তাহলে যে কেউই তো প্রশ্ন তুলতে পারে।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]