টিপিপি না হলে লাভ হবে বাংলাদেশেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারুক হাসান
ফারুক হাসান
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। আলোচিত-সমালোচিত নতুন প্রেসিডেন্টের ঘোষিত নানা কর্মসূচির বাস্তবায়নে কী ধরনের প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে? এ নিয়েই কথা বলেছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার

প্রথম আলো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত একজন ব্যবসায়ী। ব্যবসায়ী ট্রাম্প কেমন প্রেসিডেন্ট হবেন? একজন ব্যবসায়ী হিসেবে কী মনে করছেন?

ফারুক হাসান: সব দেশই একটা পদ্ধতির মধ্যে পরিচালিত হয়। কোনো একজন এসে এককভাবে পুরো জিনিস পরিবর্তন করতে পারেন না। আমাদের দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে হয়তো অনেক কিছুই রাজনীতিকরণ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের পদ্ধতি অনেক বেশি শক্ত। ডোনাল্ড ট্রাম্প একজন সফল ব্যবসায়ী। আমি মনে করি না, ডোনাল্ড ট্রাম্পের দেশ চালাতে কোনো সমস্যা হবে। তবে রাজনীতিতে সিদ্ধহস্ত হতে প্রাথমিকভাবে একটু সময় লাগতে পারে, এই যা। শেষ পর্যন্ত ব্যবসায়ী ট্রাম্প ভালোই করবেন। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বললে, ট্রাম্প নির্বাচিত হওয়ায় আমাদের ওপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। আর যে সরকারই আসবে, তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে।

প্রথম আলো: নির্বাচনের আগে ট্রাম্প বেশ কয়েকটি মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার কথা বলেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথাও বলেছেন তিনি। বাংলাদেশে কি এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে?

ফারুক হাসান: আমি মনে করি না ডব্লিউটিও থেকে আমেরিকা বের হয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যেসব মুক্ত বাণিজ্যের চুক্তি আছে, সেগুলো বাতিল করলে আমাদের কোনো ক্ষতি হবে না। যেমন, ট্রাম্পের অবস্থান ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) বিপক্ষে। হিলারি ক্লিনটনেরও একই অবস্থান ছিল। শেষ পর্যন্ত ট্রাম্প যদি টিপিপি বাতিল করেন তাহলে বাংলাদেশ উপকৃত হবে। কারণ, এই চুক্তির পর বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরা কিছুটা আতঙ্কিত হয়েছিলেন। টিপিপি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম সুবিধাজনক অবস্থানে চলে যেত। তখন দেশটির উদ্যোক্তারা পোশাক রপ্তানিতে শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেত। তাই টিপিপি না হলে আমাদেরই লাভ হবে।

প্রথম আলো: ট্রাম্প নির্বাচনী বক্তব্যে বলেছেন, চীন থেকে পণ্য আমদানিতে ৪৫ শতাংশ ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান। এমনটি হলে কি বাংলাদেশের কোনো লাভ হবে?

ফারুক হাসান: যত কিছুই হোক না কেন চীন আমাদের বড় প্রতিদ্বন্দ্বী। গত বছর যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারের প্রায় ৩৬ শতাংশ ছিল চীনের দখলে। সেখানে আমাদের ছিল ৬ শতাংশের একটু বেশি। ফলে চীনের ওপর যদি যুক্তরাষ্ট্র উচ্চ হারে শুল্ক আরোপ করে তাহলে তাদের পণ্যের দাম বেড়ে যাবে। আমাদের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা বেড়ে যাবে। রপ্তানিও বাড়বে। একই সঙ্গে মেক্সিকো বড় পোশাক উৎপাদক দেশ। তারা ৩৫-৪০ শতাংশ শুল্ক আরোপ করে রাখায় আমাদের দেশ থেকে মেক্সিকোতে পোশাক রপ্তানি খুবই কম হয়। অন্যদিকে অনেক দেশ পণ্য এনে নাফটার অধীনে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করে মেক্সিকো। তা ছাড়া গত বছর যুক্তরাষ্ট্রে ৩৫৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করে মেক্সিকো। ফলে দেশটি থেকে পণ্য আমদানির ওপর যদি যুক্তরাষ্ট্র শুল্ক বসায় তাহলে আমাদের সুযোগ আসবে।

প্রথম আলো: যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি পাওয়াটি এখন কঠিন হয়ে যাবে কি না?

ফারুক হাসান: জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্র সরকার আমাদের ১৬টি বিষয়ে উন্নতি করতে বলেছে। আমরা এসব বিষয়ে ভালোই উন্নতি করছি। তা ছাড়া জিএসপির অধীনে বাংলাদেশ থেকে খুবই অল্প পরিমাণে পণ্য রপ্তানি হয়। সব মিলিয়ে পাঁচ কোটি ডলারের মতো হবে। এই পাঁচ কোটি ডলারের শুল্ক কিন্তু কিছুই না। তাই আমি মনে করি, যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবেই চিন্তাভাবনা করবে। পরিস্থিতি উন্নয়নের জন্য সব কাজই আমরা করে যাচ্ছি। ভবিষ্যতেও করে যাব। তারপর জিএসপি দেওয়া, না দেওয়া তাদের ব্যাপার।