ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘ইউনিলিভার বিজমাইস্ত্রস’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর তিন সদস্যর টিম পটার। তাঁরা হচ্ছেন মাতসুরা তাসনিম, রাকিব ইবনে হোসাইন ও তানজির ইসলাম। তাঁদের স্বপ্ন, আগামী বছরের মে মাসে লন্ডনে অনুষ্ঠেয় ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ’ শীর্ষক বৈশ্বিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করা।
গত নভেম্বরে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘ইউনিলিভার বিজমাইস্ত্রস’ নামের ব্যবসা-সংক্রান্ত একটি প্রতিযোগিতা। দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ইউনিলিভারের আয়োজনে এটি ছিল বিজমাইস্ত্রস প্রতিযোগিতার সপ্তম আয়োজন। প্রতিযোগিতায় ইউনিলিভারের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে পাঠ্যবহির্ভূত বাস্তব কিছু চ্যালেঞ্জ নিতে হয় প্রতিযোগীদের।
ইউনিলিভার কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিযোগিতায় বাস্তব কিছু চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা পান প্রতিযোগীরা, যা তাঁদের সত্যিকারের ব্যবসায়িক নেতা হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। নতুন প্রজন্মের মধ্য থেকে আগামীর প্রতিভাবান বিজনেস লিডার খুঁজে বের করাই প্রতিযোগিতার উদ্দেশ্য।
প্রতিযোগিতার বিজয়ী টিমের সদস্য মাতসুরা তাসনিম বলেন, ‘পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল। বিজমাইস্ত্রস সম্পর্কে আগেই শুনেছিলাম। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর এর চ্যালেঞ্জটা বুঝতে পারি। জয়ী হতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি ধাপ পার হতে হয়েছে।’
প্রতিযোগিতায় শুরুতে ২৮৩টি টিম অংশ নেয়। কয়েকটি ধাপে বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বে উঠে আসে চারটি টিম। টিমগুলো হচ্ছে আইবিএ থেকে টিম পটার, চ্যালেঞ্জ এক্সেপ্টেড, টিম টি কিউব ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে টিম ফ্যাটম্যান অ্যান্ড লিটল বয়েজ।
তানজির ইসলাম বলেন, এই প্রতিযোগিতার বিজয়ী ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ’-এ যাবে। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ থেকে যে টিম এখানে গিয়েছিল, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের বিজয়ী নির্ধারণ করেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান কামরান বাকের, সাপ্লাই চেইন পরিচালক আমিনুর রহমান, মানবসম্পদ পরিচালক কুনাল শর্মা প্রমুখ।
রাকিব ইবনে হোসাইন বলেন, প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। সত্যিকারের বিজনেস লিডার হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই তিন তরুণের ভাষ্য, বাংলাদেশে ব্যবসায়িক উদ্যোগ ও তরুণ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তাঁরা।