টিসিএস থেকেও সরিয়ে দেওয়া হলো সাইরাসকে
এবার টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো সাইরাস মিস্ত্রিকে। আজ বৃহস্পতিবার বোম্বে স্টক এক্সচেঞ্জকে দেওয়া এক বিবৃতিতে টিসিএস জানায়, সাইরাস মিস্ত্রিকে অপসারণের বিষয়ে টাটা গ্রুপ থেকে তারা চিঠি পেয়েছে। সাইরাস মিস্ত্রির জায়গায় ইশাত হুসেইনকে মনোনয়ন দেওয়া হচ্ছে।
টিসিএস জানায়, তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক দিনের অভিজ্ঞ কর্মী ইশাত হুসেইনকে সাইরাস মিস্ত্রির স্থলাভিষিক্ত করা হলো। মিস্ত্রিকে বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইশাত এখন কোম্পানির নতুন চেয়ারম্যান।
এ ব্যাপারে গতকাল বুধবারই চিঠি পেয়েছে বলে জানায় টিসিএস। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সাইরাস মিস্ত্রিকে পরিচালক পদ থেকে অপসারণে আগামী ৪৫ দিনের মধ্যে একটি বিশেষ সভা ডেকেছে টাটা গ্রুপ।
২৪ অক্টোবর ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। আগের চেয়ারম্যান রতন টাটাকে ফিরিয়ে আনা হয়। এর এক দিন পর সাইরাসের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির স্বার্থবিরোধী কাজের অভিযোগ আনা হয়।
সাইরাসের বিরুদ্ধে পরিবারের ‘মূল্যবান সম্পদ বিক্রির অভিপ্রায়ের’ অভিযোগ উঠেছে। এ ছাড়া জাপানি কোম্পানি ডোকোমোর সঙ্গে মামলায় ১২০ কোটি ডলার খোয়ানোয় ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
চার বছর ধরে চেয়ারম্যান থাকার পর সাইরাস মিস্ত্রি এ পদ থেকে চলে যেতে বাধ্য হন। তিনিই টাটা অ্যান্ড সন্স কোম্পানিতে প্রথম চেয়ারম্যান ছিলেন, যিনি এ পরিবারের সরাসরি সদস্য ছিলেন না। সাইরাস ছিলেন টাটা অ্যান্ড সন্সের অন্যতম বড় সহযোগী গোষ্ঠী শাপুরজি পালোনজি পরিবারের সদস্য। বিশ্বের প্রায় ১০০টি দেশে এ গোষ্ঠীর কার্যক্রম রয়েছে।