টিসিবি কম দামে বিক্রির জন্য ডিলারদের পণ্য দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম দামে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রির জন্য ডিলারদের পণ্য সরবরাহ শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। রমজানের ঈদের পর গতকাল প্রথম ডিলারদের পণ্য দেওয়া হলো।ডিলাররা প্রতি কেজি চিনি ৬৩, বোতলজাত সয়াবিন তেল ১১৫ ও খোলা সয়াবিন তেল ১০৯ এবং মসুর ডাল (নেপালি) ৮০ টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করবেন। টিসিবির কর্মকর্তারা জানান, সারা দেশে সংস্থাটির তিন হাজার ডিলার রয়েছেন। প্রত্যেক ডিলারকে দেড় হাজার কেজি চিনি, ৫০০ লিটার সয়াবিন ও ৫০০ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে।টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদ সামনে রেখে আগামী মাসের ২০-২২ তারিখে ডিলারদের আরেক দফা পণ্য সরবরাহ করা হবে।খোলা ট্রাকে বিক্রির উদ্যোগ: টিসিবি সূত্র জানায়, নির্ধারিত ডিলারদের মাধ্যমে কম দামে পণ্য বিক্রির বাইরে এখন থেকে প্রতি মাসের ৩ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজধানীর ৩০টি নির্ধারিত স্থানে খোলা ট্রাকে করে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল (দেশি) বিক্রি করা হবে।খোলা ট্রাকে প্রতি কেজি চিনি ৬৩, বোতলজাত সয়াবিন তেল ১১৫ ও খোলা সয়াবিন তেল ১০৯ এবং মসুর ডাল (দেশি) ৬০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা একসঙ্গে কোনো পণ্যই দুই কেজির বেশি কিনতে পারবেন না।টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আগামী মাস থেকেই এই কার্যক্রম আমরা শুরু করব। রাজধানীর ৩০টি স্থানে খোলা ট্রাকে চিনি, তেল ও ডাল বিক্রি করা হবে। খাদ্য বিভাগের ট্রাকগুলো যেখানে থাকে, তার আশপাশেই আমাদের ট্রাকগুলো থাকবে।’ রাজধানীর যেসব জায়গায় ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে: মালিবাগ বাজার, শান্তিনগর বাজার, শাহজাহানপুর, ফকিরাপুল বাজার, গুলিস্তান (টিসিবি ভবনের সামনে), এজিবি কলোনি বাজার, মুগদাপাড়া কাঁচাবাজার, সূত্রাপুর বাজার, মৌলভীবাজার, নয়াবাজার, শ্যামবাজার, পলাশীবাজার, ধূপখোলা বাজার, হাতিরপুল বাজার, নিউ মার্কেট, কাঁঠালবাগান বাজার, বড় মগবাজার, রামপুরা বাজার, বাসাবো বাজার, বাড্ডা বাজার, উত্তরা বাজার, মহাখালী কাঁচাবাজার, কচুক্ষেত বাজার, রায়েরবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল মার্কেট বাজার, কাজীপাড়া, মিরপুর-১ ও ৬ কাঁচাবাজার এবং আগারগাঁও বাজার।