টিসিবিও পেঁয়াজের দাম বাড়াল

খুচরা বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় ক্রেতার ভরসা ছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওপর। কিন্তু টিসিবিও পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। কয়েক দিন বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে আবারও সারা দেশে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি। এবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হবে ৫৫ টাকা দরে। এর আগে টিসিবি ৪৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছিল।
এদিকে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা, আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
জানতে চাইলে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলো ডটকমকে বলেন, ‘পণ্য বিক্রির দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বেশি দামে আমদানি হওয়ায় এবার পেঁয়াজের দামও বেশি নির্ধারণ করা হয়েছে।’
টিসিবির তথ্য কর্মকর্তা জানান, আগেরবারের চেয়ে এবার কেজিতে ১২ টাকা বেশি দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে।
টিসিবি সূত্র জানায়, সরাসরি পদ্ধতিতে পেঁয়াজ আমদানির অংশ হিসেবে দু-এক দিনের মধ্যে ভারত থেকে ১০০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে। ওই পেঁয়াজই সোমবার থেকে বিক্রি হবে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পেঁয়াজ আমদানিদার বিষয়ে আমদানিকারকদের সাড়া পায়নি টিসিবি। সূত্র জানায়, ৫০০ টন পেঁয়াজ আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু কেউই এতে আগ্রহ দেখায়নি। সে কারণে দু-এক দিনের মধ্যে নতুন করে আবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টিসিবি পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে ভারত ও মিয়ানমার থেকে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত হয়। সরাসরি, আন্তর্জাতিক কোটেশন এবং আন্তর্জাতিক দরপত্র—এই তিন পদ্ধতিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সে অনুযায়ী ১০০ টন পেঁয়াজ আমদানি করে খোলা বাজারে বিক্রিও শুরু করে টিসিবি।