টিসিবিকে কোম্পানি করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সক্রিয় করার জন্য রাষ্ট্রীয় এই সংস্থাটিকে করপোরেটাইজ করা তথা কোম্পানিতে রূপান্তরের সুপারিশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)।কোম্পানি আইনের আওতায় কোম্পানি করে পরিচালনা পর্ষদের মাধ্যমে টিসিবি পরিচালনা করতে হবে উল্লেখ করে এমসিসিআই রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে যেভাবে কোম্পানিতে রূপান্তর করা হয়েছে, সেই পদ্ধতি অনুসরণেরও পরামর্শ দিয়েছে।পাশাপাশি ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে ডেলিভারি অর্ডার (ডিও) প্রথা রহিত করে পরিবেশক প্রথা প্রবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন করার পরামর্শ দিয়েছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের এই প্রভাবশালী সংগঠন।গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে এমসিসিআইয়ের এক প্রতিনিধিদলের বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে এসব পরামর্শ দেওয়া হয়। এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এমসিসিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়, সরকার ১৯৫৩ সালের একটি মজুদবিরোধী আইন কিছুটা সংশোধন করে পুনরায় প্রয়োগ করার চিন্তাভাবনা করছে। এটি করা হলে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের আমদানি ও মজুদের বিভিন্ন পর্যায়ের তথ্য সরকারকে নিয়মিত সরবরাহ করতে হবে।এসব উল্লেখ করে এমসিসিআই বলছে, এতে সরবরাহ-প্রক্রিয়া ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা বাজারে দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কেননা, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে মজুদ ব্যবসায়িক বাস্তবতা। আর গম, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, গুঁড়া দুধ ও শিশুখাদ্যের মতো পণ্য প্রায় পুরোটাই আমদানিনির্ভর। তাই আমদানি পর্যায়ে এসব পণ্যের মজুদসীমা নির্ধারণ ঠিক হবে না বলেও মনে করছে এমসিসিআই।আবার মজুদদারি রোধে খুচরা পর্যায়ে যে ধরনের নিবিড় তদারকি ও পদক্ষেপ প্রয়োজন, তা করার যথেষ্ট সামর্থ্য সরকারের নেই। এর চেয়ে বরং পণ্য আমদানি, মজুদ ও মূল্য সংবেদনশীল পণ্যের চাহিদা জোগান নিয়মিত পর্যবেক্ষণের দিকে বেশি জোর দেওয়া উচিত।মেট্রো চেম্বার প্রতিনিধিরা খসড়া প্রতিযোগিতা আইনের বিভিন্ন দিক নিয়েও তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন।এ ছাড়া চেম্বারের পক্ষ থেকে প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। আবার দেশে যে সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ওপর সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ ও বিবেচনার পরামর্শ দেওয়া হয়।বাণিজ্যমন্ত্রী ফারুক খান সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য আরও বেশি কাজ করার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জিনিসপত্রের দাম আন্তর্জাতিকভাবে এবং প্রতিবেশী দেশের তুলনায় বিবেচনা করতে হবে। এর চেয়ে মূল্য কম হলে তা বিদেশে পাচার হয়ে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।মন্ত্রী এমসিসিআই প্রতিনিধিদল উত্থাপিত বিভিন্ন বিষয় যথাযথভাবে পর্যালোচনা ও বিবেচনার আশ্বাস দেন।এমসিসিআইয়ের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট নিহাদ কবির, সাবেক সভাপতি স্যামসন এইচ চৌধুরী ও মহাসচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।