টিসিবিকে শক্তিশালী করতে আইনে সংশোধনী আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাসন ক্ষমতার চতুর্থ বছরে এসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী, কার্যকর ও পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার, ১৯৭২-এর সংশোধনী আনা হচ্ছে।তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, সত্যি সত্যিই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা হবে তো? নাকি সবকিছুই হচ্ছে লোক দেখানো! প্রশ্ন ওঠার কারণও অবশ্য অসংগত নয়। আগেরবারও (১৯৯৬-২০০১) টিসিবিকে শক্তিশালী ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি) তখন একটি প্রতিবেদনও দাখিল করেছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এতে টিসিবির জনবল বাড়ানো, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং নিজস্ব সম্পত্তিতে গুদামঘর নির্মাণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু এগুলো আর বাস্তবায়িত হয়নি। সত্যিই যদি আইন সংশোধন হয়, তাহলে টিসিবির অনুমোদিত মূলধন বর্তমানের পাঁচ কোটি টাকা থেকে বেড়ে হবে এক হাজার কোটি টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাজার স্থিতিশীল রাখতে টিসিবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে সরকার। সংস্থাটি ভোজ্যতেল, চিনি, ডাল ও পেঁয়াজের মজুত বাড়াবে। এ ছাড়া সংস্থাটির পরিচালনা পর্ষদের সদস্য হবে পাঁচজন। বর্তমানে তিনজন সদস্যের পদ রয়েছে।প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে আইন সংশোধনের খসড়া কিছুটা কাটছাঁট করে অনুমোদিত হয়েছে। এর পর নীতিগত অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভা অনুমোদন দিলে যাবে পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে। তারপর চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে আবারও মন্ত্রিসভার বৈঠকে। সবশেষে যাবে সংসদে। যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘টিসিবিকে শক্তিশালী ও কার্যকর করতে আমরা সব ধরনের চেষ্টাই করে যাচ্ছি।’ স্বল্পতম সময়ে ইতিবাচক ও দৃশ্যমান কিছু দেখা যাবে বলে তিনি আশাবাদী। এদিকে, সচিব কমিটির বৈঠকে ক্রয় আইন ও ক্রয়বিধি অনুসরণ থেকে টিসিবিকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার প্রস্তাব উপস্থাপিত হলেও সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এতে আপত্তি জানিয়েছে বলে জানা গেছে। সিপিটিইউর মতে, টিসিবিকে এই অব্যাহতি দেওয়া হলে একটি মন্দ দৃষ্টান্ত তৈরি হবে, যার সুযোগ নিতে চাইবে সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোও। বাজারে প্রভাব বিস্তার করতে হলে কমপক্ষে ২৫ শতাংশ পণ্যের মজুত থাকতে হয়। এটিই প্রচলিত ধারণা। টিসিবি কয়েকটি পণ্যের ২৫ শতাংশ মজুত রাখতে চায়। কিন্তু আইন যেভাবে সংশোধন করা হচ্ছে, বাস্তবে তা কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারভুক্ত পাঁচ বিষয়ের মধ্যে এক নম্বরটাই হলো দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ। ইশতেহারে বলা হয়েছে, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করা হবে।’ টিসিবি অবশ্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের পরিকল্পনাই করেছে নিজেকে শক্তিশালী করতে। টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে টিসিবির মাধ্যমে বাজারে প্রভাব বিস্তার অবশ্যই সম্ভব।’ পর্ষদ সংখ্যা পাঁচে উন্নীত করার পাশাপাশি টিসিবির স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে জনবল কমপক্ষে তিন গুণ করা এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও নবগঠিত রংপুর বিভাগে আঞ্চলিক শাখা গঠন করা। আর দীর্ঘমেয়াদির মধ্যে রয়েছে—গুদাম ব্যবস্থাপনার সম্প্রসারণ এবং পণ্যের উৎপাদন মৌসুমেই রপ্তানিকারক দেশ থেকে পণ্য আমদানি করা। জানা গেছে, টিসিবিকে দুর্বল করার প্রক্রিয়া শুরু হয় মূলত এরশাদ সরকারের শেষ দিকে। মুক্তবাজারের তত্ত্ব দিয়ে তখন উদারীকরণ শুরু হয়। তারই অংশ হিসেবে টিসিবির কর্মকাণ্ডও সীমিত করে আনা হয়। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে দুর্বল করে বিএনপি সরকার। ১৯৯২ সালে এক আদেশে এতে সব ধরনের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, ক্ষমতা থেকে চলে যাওয়ার আগের বছর ১৯৯৫ সালে এক হাজার ৩৩৬ জনের জনবল কমিয়ে আনা হয় ৭১৩ জনে। এরপর চারদলীয় জোট সরকার (২০০১-০৬) আবারও ক্ষমতায় এসে সংস্থাটির জনবল ৭১৩ থেকে ২৩৫-এ নামিয়ে আনে। এরপর সংস্থাটিতে আর নতুন নিয়োগ হয়নি। তবে বর্তমান সরকারের আমলে কিছু নিয়োগ হয়েছে। টিসিবির কর্মকর্তারা জানান, সরকারের অন্য অনেক প্রতিষ্ঠানের মতো টিসিবি লোকসানি নয়। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেও লাভ করে এই সংস্থা। প্রধান কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় টিসিবির ৪৩ বিঘা জমি রয়েছে। এগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারে সরকার। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে টিসিবির প্রতি সরকারের নজরদারি বেশিই রয়েছে।’ আইন সংশোধন হওয়ার পর এর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি বিশ্বাস করেন।